
চট্টগ্রাম নগরে সুমন সাহা (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে নগরের কোতোয়ালি থানার রিয়াজ উদ্দিন বাজারের আরএস টাওয়ার নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে।
ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আজ মঙ্গলবার সকালে তিনজনকে আটক করেছে। সুমন সাহা ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়ায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, গতকাল রাতে সুমনের বাসায় গিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন কয়েকজন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) অতনু চক্রবর্তী আজ সকালে প্রথম আলোকে বলেন, নিহত সুমন ও আটক তিনজন ওই ভবনের একটি কক্ষে মাদক সেবন করেন। সেখানে সুমনকে পিটিয়ে আহত করা হয়। পরে তাঁর এক আত্মীয়কে খবর দেওয়া হলে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনজনকে যখন আটক করা হয়, তখন তাঁরা নেশাগ্রস্ত ছিলেন।