দুদকে মামলা থাকায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় আট স্থানে ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব জমির মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ২১৪ টাকা।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এসব জমি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। সে জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নাসরিন ইসলামের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই তাঁর নামে থাকা এসব সম্পদ জব্দ করা দরকার।