প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামকে সংবর্ধনা দিয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় গত সোমবার এই সংবর্ধনা দেওয়া হয়।
রোজিনা ইসলাম এ বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২২ সালের অ্যান্টিকরাপশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড পেয়েছেন। এই পুরস্কার নিতে তিনি যুক্তরাষ্ট্রে যান।
সংবর্ধনা অনুষ্ঠানে রোজিনা ইসলাম তাঁর প্রতি সমর্থন ও ভালোবাসা জানানোর জন্য সাংবাদিকসহ প্রবাসী জনসমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি কাজ করে যান এবং সততার সঙ্গে তাঁর এ কাজ অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের। ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় রোজিনা ইসলামকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন প্রবাসে থাকা তাঁর দীর্ঘ কর্মজীবনের সহকর্মীসহ নিউইয়র্কের বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকেরা।
রোজিনা ইসলামকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, হাসান ফেরদৌস, ডা. এম ওয়াজেদ খান, ডা. সরোয়ারুল হাসান, জাকারিয়া মাসুদ, ইব্রাহীম চৌধুরী, রহমান মাহবুব, শেলী জামান খান, সুলতানা রহমান, এ বি এম সালাহ উদ্দিন, রওশন হক, আফরোজা ইসলাম প্রমুখ।
বক্তারা রোজিনা ইসলামকে সত্য প্রকাশে সাংবাদিকতার মহান কাজে নিবেদিত একজন কর্মী হিসেবে উল্লেখ করেন। মার্কিন সরকারের সম্মানজনক পদক পাওয়ার জন্য তাঁরা তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, রোজিনা বাংলাদেশের সাংবাদিকদের মুখ উজ্জ্বল করেছেন। তাঁর এ কাজ সাংবাদিকদের জন্য প্রেরণা হয়ে কাজ করবে।
সভায় উপস্থিত সাংবাদিকেরা নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে রোজিনা ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বিজ্ঞপ্তি।