সদরঘাট লঞ্চ টার্মিনাল
সদরঘাট লঞ্চ টার্মিনাল

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. সোহেল (২২)। তাঁর বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার ফজলুল হক প্রথম আলোকে বলেন, একজনের লাশ হাসপাতালে পাওয়া গেছে। তাঁর নাম সোহেল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে কোতোয়ালি থানার ওসি প্রথম আলোকে বলেন, সংঘর্ষে আহত রুবা ফকিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুজন যাত্রী পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে দুজন নিখোঁজের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিস সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে প্রথম আলোকে জানিয়েছে, দুজন নিখোঁজের বিষয়ে তারাও অবগত, তবে বিষয়টি নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।