মানুষ নিজের স্বীকৃতি চায়। গতকাল শনিবার বইমেলার মাঠে ভীষণ মন খারাপ করে দাঁড়িয়েছিল জারিসা বিনতে ইমাম। কিছুক্ষণ আগে ওর ছোট বোন ওয়ারিশা টেলিভিশনের ক্যামেরার সামনে কথা বলেছে। আমন্ত্রণ না পেয়ে ‘আত্মসম্মানে’ লেগেছে ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির এই পড়ুয়ার। তার কোঁকড়ানো চুলগুলো সামলে রাখতে ওর মা চারটি বেণি করে দিয়েছেন। সে মেলায় এসেছে মূলত অভিধান কিনতে। খুদে এই পাঠকের কাছে বইমেলা নিয়ে এই প্রতিবেদক মতামত জানতে চাওয়ায় সে ক্যামেরা খুঁজল। তার কথা পত্রিকার পাতায় ছাপা হবে শুনে মন ভালো হয়ে গেল জারিসার। গড়গড় করে বলে ফেলল অনেক কথা।
এবারের অমর একুশে বইমেলার দ্বিতীয় ছুটির দিন ছিল গতকাল। সকালের শিশুপ্রহরে এসেছিল খুদে পাঠকেরা। বিকেল পর্যন্ত ছিল তাদের অনেকেই। তবে তুলনামূলক ক্রেতা–দর্শনার্থীর উপস্থিতি শুক্রবারের চেয়েও কম ছিল গতকাল। তবে ভিড়ভাট্টা কম হলেও এবারের মেলায় গতকালই প্রথম শতাধিক বই এসেছে। নতুন আসা ১১৩টি বইয়ের মধ্যে সংখ্যায় এগিয়ে উপন্যাস। অমর একুশে বইমেলার চতুর্থ দিনে নতুন উপন্যাস এসেছে ২৪টি, কবিতার বই ১৮টি। এ নিয়ে দুই দিনে মেলায় উপন্যাস এসেছে ৪০টি আর কবিতার বই ৪৭টি।
বাংলা একাডেমির চত্বরে প্রবেশের মুখেই মুক্তধারা প্রকাশনীর স্টল। এই প্রকাশনীর বিপণনকর্মী ইন্দ্রজিৎ সেন বললেন, তাঁদের স্টলটি একেবারে অফ সাইডে বলে মানুষের চোখে পড়ে না। এবার তাঁরা অল্প কয়েকটি বই আনবেন। তবে এর মধ্যে চলে এসেছে সদ্য প্রয়াত শিশুসাহিত্যিক আলী ইমামের লেখা সায়েন্স ফিকশনের বই। গতকাল ঐতিহ্য প্রকাশনী এনেছে ছয়টি বই। কথাসাহিত্যিক ও সাংবাদিক শরিফা বুলবুল দাঁড়িয়ে ছিলেন নিজের বলাকা প্রকাশনের সামনে। জানালেন, এবার তাঁদের ২২টি নতুন বইয়ের প্রস্তুতি আছে। এরই মধ্যে কয়েকটি কবিতার বই এসেছে।
প্রথমা প্রকাশনে দেখা গেল পাঠকেরা ইতিহাসভিত্তিক বই বেশি খুঁজছেন। এক তরুণ অটোগ্রাফ নেবেন বলে কথাসাহিত্যিক আনিসুল হক এসেছেন কি না, জানতে চাইলেন। অন্য কয়েকজন খুঁজছেন তবকাত-ই-নাসিরী, কিনাবালুর গানসহ অন্যান্য বই। ততক্ষণে সন্ধ্যা নেমেছে। ক্রেতা–পাঠকের কেউ কেউ বললেন, শুক্রবারের তুলনায় ভিড় একটু কম, তাই আরাম করে তাঁরা বই দেখতে পারছেন। ধুলাও কম উড়ছে।
গতকাল বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: ড. আকবর আলি খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এখানে প্রবন্ধ উপস্থাপন করেন আমিনুল ইসলাম ভূঁইয়া। আলোচনায় অংশ নেন ফারুক মঈনউদ্দীন, মো. মোফাকখারুল ইকবাল ও কামরুল হাসান।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন ফারুক হোসেন, আবদুল বাছির, ইসহাক খান ও আফরোজা সোমা।
সন্ধ্যার পর অনেকটাই ঠান্ডা বোধ হচ্ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এর মধ্যে নিজের এক কবিতার বই খুলে বন্ধুদের পড়ে শোনাতে শুরু করলেন তরুণ একজন কবি। তাঁর হাতে নীল রঙের নতুন বই। বন্ধুদের ভিড়ে কবির কাছে ঘেঁষা গেল না। তবে শোনা গেল বন্ধুদের কণ্ঠে তাঁর তারিফ। একজন বললেন, ‘তোর কবিতা দারুণ।’ এমন স্বীকৃতি পেয়ে আরও একটা কবিতা পড়বেন বলে পাতা ওলটালেন সেই কবি।