
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আজ মঙ্গলবার এ অভিযোগ আমলে নেন।
কামাল আহমেদ মজুমদার ছাড়াও সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাইনুল হোসেন খান নিখিল ও সালাউদ্দিন মাহমুদ জাহিদ এ মামলার আসামি। আসামিদের মধ্যে আরও আছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।
ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার মো. জসিম উদ্দিন মোল্লা প্রমুখও রয়েছেন এ মামলার আসামির তালিকায়।
মামলার আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, এই আসামিদের নির্দেশনায়, ষড়যন্ত্রে, সহায়তায় ও প্ররোচনায় মিরপুর মডেল থানা, পল্লবী থানা ও কাফরুল থানার আশপাশ এলাকায় ৬৪ জনের বেশি ছাত্র–জনতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হত্যা করেন। অসংখ্য ছাত্র–জনতাকে গুরুতর জখম করা হয়।
২০২৪ সালের ১৮ জুলাই সকালে মিরপুর-১২ নম্বর মোল্লা মার্কেটের সামনে মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লাহ ও সালাউদ্দিন মাহমুদ জাহিদের নির্দেশে এবং গাজী মেসবাউল হোসেন সাচ্চুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলেও আনুষ্ঠানিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, এতে অনেকেই গুরুতর জখমের শিকার হন।
আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান নির্দেশ দিয়েছিলেন বলে আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়। সেখানে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর পুরস্কার হিসেবে দিনে ডিউটি করা সব অফিসার ও ফোর্সদের প্রত্যেককে ১ হাজার টাকা করে এবং রাতে দায়িত্বপালনকারীদের প্রত্যেককে ৫০০ টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছিলেন, ‘যে গুলি করবে না, তাকে আমি গুলি করব।’এ ছাড়া তিনি ছাত্রদের গুলি করে হত্যার পর আরও বলেছিলেন, ‘মাইরা তো ফালাইছি, এখন কী করবা, বলো।’