
চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিসহ বিভিন্ন জেলায় আজ সোমবার আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলা করা হয়েছে ফেনী, লক্ষ্মীপুরসহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এ ছাড়া ভাঙচুর করা হয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়েও।
মিরসরাই: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় মিছিল থেকে বিকেল চারটার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি কার্যালয়েও হামলা চালান তাঁরা। এ ছাড়া একই সময়ে বারইয়ারহাট পৌরসভা, পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ভাঙচুর করেন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশ কটি দোকান। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মিছিলকারীদের একটি দল উপজেলা পরিষদের ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টাও করেন।
খাগড়াছড়ি: শহরের নারিকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জেলার মানিকছড়ি, দীঘিনালা ও পানছড়ি উপজেলাতেও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন উত্তেজিত জনতা। খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকার বাড়ি ও দীঘিনালা বাড়ি; খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীর বাড়ি, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর বাড়িঘর ভাঙচুর করা হয়।
লক্ষ্মীপুর: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য নুরুউদ্দীন চৌধুরীর বাসভবনে গতকাল সন্ধ্যায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া আগুন দেওয়া হয় উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিনের বাড়িতে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টায় রয়েছে।
ফেনী: বিকেলে ফেনী পৌরসভা কার্যালয়ে হামলা-ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। পরে কার্যালয়টিতে অগ্নিসংযোগ করা হয়। একই দিনে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার ঘরবাড়িতে হামলা করা হয়েছে। শহরের মাস্টারপাড়ায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর তিনটি বহুতল ভবন, একটি বাগানবাড়ি ও গরুর খামারে হামলা-ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয়েছে শহরের বাঁশপাড়ায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের কার্যালয়ে। মাস্টারপাড়ায় ফেনী পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা খোকন হাজারীর কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। শহরের স্টেশন রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়, মিজান রোডের ডায়াবেটিক হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এদিকে উপজেলার সোনাগাজীতেও আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়, পৌরসভা কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
রাঙামাটি: জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া জেলা শহর ও বাঘাইছড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা করেন বিক্ষুব্ধ জনতা।
বান্দরবান: শহরের আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। বান্দরবান প্রেসক্লাব–সংলগ্ন বঙ্গবন্ধু মুক্তমঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয়। স্থানীয় সংসদ সদস্যের বাসভবন ও প্রেসক্লাবেও হামলা চালানোর চেষ্টা হয়।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া থানা রাস্তার মাথায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাফর আলমের মালিকানাধীন ‘সিস্টেম চকরিয়া কমপ্লেক্স’ এবং তাঁর স্ত্রীর মালিকানাধীন শাহেদা কমপ্লেক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়াও হামলা ও ভাঙচুর হয়েছে আওয়ামী লীগ নেতাদের অন্তত ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানে। পেকুয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের একটি তিনতলা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।