জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে জিডি করার প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক সরওয়ার হোসেনের স্বাক্ষর করা এক পত্রে এ কথা বলা হয়। স্মারকে বলা হয়, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বিলুপ্ত করা হলো।