ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রলীগের মারামারি

হাজী মুহম্মদ মুহসীন হল
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দুটি কক্ষের নিয়ন্ত্রণ নিয়ে মারামারিতে জড়িয়েছেন হল শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় পুরো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হল প্রশাসনের তেমন ভূমিকা দেখা যায়নি।

গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে মুহসীন হলের ৫৪০ ও ৬৫১ নম্বর কক্ষের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এর মধ্যে এক পক্ষ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী, অন্য পক্ষ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারী৷ উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের কক্ষগুলো ছাত্রলীগের চার পক্ষের নিয়ন্ত্রণে।

মুহসীন হল শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ও কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাদ্দাম হোসেনের অনুসারী হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন ওরফে খোকা, আইন সম্পাদক রাকিবুল হাসান ওরফে শিশির, উপপ্রচার সম্পাদক সোহানুর রহমানসহ কয়েকজন গতকাল রাত ১২টার দিকে হলের ৫৪০ নম্বর কক্ষের তালা ভেঙে কক্ষটি দখল করেন। এ সময় কক্ষটির সামনে তানভীর হাসানের অনুসারীদের সঙ্গে তাঁদের মারামারি বেঁধে যায়। দুই পক্ষের চিৎকার-চেঁচামেচিতে পুরো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মারামারিতে তানভীরের অনুসারী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাফিন হাসানসহ কয়েকজন আহত হন। আহত রাফিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছেন।

ঘটনার বিষয়ে আহত রাফিন হাসান প্রথম আলোকে বলেন, ‘৫৪০ ও ৬৫১ নম্বর কক্ষে আমাদের পক্ষের কিছু সিনিয়র ভাই থাকতেন৷ কক্ষ দুটিতে কাদের শিফট করা হবে, তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷ (রোববার) রাত ১১টার দিকে যখন ওই সিনিয়ররা কক্ষে ছিলেন না, তখন ৫৪০ নম্বর কক্ষের সামনে অন্য পক্ষের ৪০-৫০ জন গিয়ে তালা ভাঙার চেষ্টা করতে থাকে৷ খবর পেয়ে আমরা ৪-৫ জন সেখানে যাই৷ আমরা আলোচনার প্রস্তাব দিলেও তারা শোনেনি৷ তারা তালা ভেঙে কক্ষ দখল করে৷ একপর্যায়ে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে৷ আমার মাথা দেয়ালে ঠুকে দেয় এবং কিলঘুষি দেয়৷ চেতনা হারিয়ে আমি সেখানেই পড়ে যাই৷’

এদিকে ৫৪০ নম্বর কক্ষ দখলের পর সাদ্দাম হোসেনের অনুসারীরা ৬৫১ নম্বর কক্ষটিও দখল করেন বলে অভিযোগ তানভীর হাসানের অনুসারীদের৷ এ সময় ওই কক্ষ থেকে তানভীরের পক্ষের তিন কর্মীকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের৷

অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেনের অনুসারী সাব্বির হোসেন বলেন, ‘দখল নয়, একটি কক্ষে নিয়মিত শিক্ষার্থীদের ওঠা নিয়ে দুই পক্ষ অবস্থান করেছে৷ অন্য পক্ষটি অছাত্রদের কক্ষে রাখার ব্যাপারে সমর্থন জানায়৷ ওই পক্ষের এক জুনিয়র হঠাৎ করে আমাদের এক সিনিয়রের নাকে ঘুষি দেন৷ এটি নিয়ে দুই পক্ষে হাতাহাতি হয়৷ এটি থামাতে গিয়ে আমি নিজেও ঘুষি খেয়েছি৷ কেউ কক্ষের তালা ভাঙেনি৷ ধাক্কাধাক্কিতে তালার কাড়া ছুটে গেছে৷ রাফিন হাসান ভিড় ও গরমে অসুস্থ হয়ে পড়েন৷ এটাকে রাজনৈতিক ইস্যু করা হচ্ছে৷’

গতকালের ঘটনার বিষয়ে বর্তমানে সাদ্দাম হোসেনের অনুসারী মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি শহিদুল হক প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছি৷ কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে৷

এদিকে এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুহসীন হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান৷ তাঁর দাবি, হল প্রশাসন ঘটনাটিতে নজর রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে৷