চবি ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় এক আসামির জামিন নামঞ্জুর

আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আসামির নাম সাইফুল ইসলাম। তিনি হাটহাজারী সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁঞা শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে থাকা আসামি সাইফুলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে পাঁচ তরুণের হাতে এক ছাত্রী যৌন নিপীড়ন ও মারধরের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাঁচ তরুণ ওই ছাত্রীকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। এক দিন পর এ ঘটনায় হাটহাজারী থানায় মামলা হয়।

ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। রাতেই ছাত্রীরা হল থেকে বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে নিপীড়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নুরুল আবছার, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন, স্নাতক দ্বিতীয় বর্ষের মাসুদ রানা ও একই কলেজের সাবেক ছাত্র সাইফুল আলম। তাঁদের মধ্যে আজিম ও আবছার ছাত্রলীগের কর্মী। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।