বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। ১ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ব হিজাব দিবস উপলক্ষে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী। ১ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা ও হিজাব বিতরণ

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শোভাযাত্রা ও মানববন্ধন করেছেন একদল নারী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, ‘বিশ্ব হিজাব দিবসে রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে আমি সারা বিশ্বের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা দিতে চাই—হিজাব আমার অধিকার। এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কেউ করবেন না। আমরা আমাদের অধিকার নিয়ে স্বাধীন ও মুক্তভাবে চলাফেরা করতে চাই।’

হিজাব নিয়ে বৈষম্য করা হয় অভিযোগ তুলে সাবিকুন্নাহার বলেন, ‘বারবার হিজাবকে আমাদের প্রগতির অন্তরায় হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। যেন হিজাব আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে বাধা। আমরা দেখেছি, বিভিন্ন নিয়োগ ও ভর্তি পরীক্ষায় কীভাবে হিজাব ও নিকাবকে অগ্রহণযোগ্য করার অপচেষ্টা চালানো হয়েছে।’
মানববন্ধনে ডাকসুর ক্যাফেটেরিয়া ও কমনরুমবিষয়ক সম্পাদক উম্মে সালমা বলেন, ‘আজ ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস। প্রায় ১৪০টি দেশে এই দিবস পালিত হয়। আমাদের দেশেও গত বছর হিজাব দিবস পালিত হয়েছে। যুগ যুগ ধরে এই দিবস পালিত হবে।’

বিশ্ব হিজাব দিবস উপলক্ষে এদিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীদের মধ্যে মোট ১ হাজার ২০০ হিজাব বিতরণ করা হয়।