চবিতে নিম্নমানের খাবারের অভিযোগে ক্যানটিনে তালা দিল ছাত্রলীগ

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় তালা দেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় (ক্যানটিন) তালা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষের নেতা-কর্মীরা। আজ রোববার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা তিনটার দিকে তালা খুলে দেন তাঁরা৷ তবে ক্যানটিনের ফ্রিজে বাসি ও পচা খাবার রাখার অভিযোগে খাবার বিক্রি বন্ধ করে দেন ভার্সিটি এক্সপ্রেস ও বিজয় উপপক্ষের নেতা-কর্মীরা।  

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, শিক্ষার্থীরা অভিযোগ দেওয়ার পরও ক্যাফেটেরিয়ায় পচা খাবার বিক্রি হচ্ছে। এ ছাড়া অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার পরিবেশন, খাবারের প্লেট ঠিকমতো না ধোয়াসহ নানা সমস্যা রয়েছে ক্যানটিনে। এসব কারণে খাবার মুখে দেওয়া যায় না। ফলে বিভিন্ন সময় শিক্ষার্থীরা পেটের পীড়াসহ নানা রোগে ভুগছেন।

হলের ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের

শাখা ছাত্রলীগের বিজয় উপপক্ষের নেতা ও উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক আফ্রিদি রহমান প্রথম আলোকে বলেন, খাবারের মান বাড়ানো, বাসি খাবার না দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাঁরা ক্যানটিনে তালা দিয়েছেন। খাবারের মান নিশ্চিত না করা পর্যন্ত তাঁরা ক্যানটিনে কোনো খাবার বিক্রি করতে দেবেন না।

ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের কর্মী মোহাম্মদ নাঈম উদ্দিন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই ক্যানটিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। হল কর্তৃপক্ষকে বারবার জানালেও এখন পর্যন্ত সুরাহা হয়নি। রোববার বেলা তিনটায় তাঁরা ক্যানটিনের ফ্রিজ খুলে দেখেন, দীর্ঘদিনের বাসি খাবার সেখানে জমিয়ে রাখা হয়েছে। পচা মাছ, মাংস—এমনকি  খিচুড়ি রেখে দিয়ে সেগুলো আবার পরিবেশন করার জন্য দুটি ফ্রিজে রাখা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে সোহরাওয়ার্দী হল ক্যানটিনের পরিচালক খলিলুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবারই প্রথম নয়। গত বছরের ১ সেপ্টেম্বর খাবারের নিম্নমান ও অপরিচ্ছন্নতার অভিযোগ এনে ক্যানটিনে তালা দিয়েছিল ছাত্রলীগের একটি পক্ষ। পরে হল কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দিয়েছিলেন তাঁরা।

জানতে চাইলে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, পরীক্ষার হলে দায়িত্ব পালনের জন্য তিনি হলে যেতে পারেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।