মেট্রোরেল উদ্বোধন

ইতিহাসের সাক্ষী হতে পেরে গর্বিত

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আজ বুধবার সকাল থেকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় সাজ সাজ রব। বাস, পিকআপ, অটোরিকশা মানুষের সব পথ এসে মিশেছে দিয়াবাড়ি এলাকায়। কেউ এসেছেন গাজীপুর থেকে। কেউ কেউ এসেছেন সাভার, আশুলিয়া থেকে। আবার অনেকে এসেছেন ঢাকার বিভিন্ন এলাকা থেকে। সবার উদ্দেশ্য এক, স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন দেখা।

রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে দিয়াবাড়ি এলাকায় এসেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এত দিন অধীর আগ্রহে অপেক্ষা করেছি, কবে মেট্রোরেল উদ্বোধন হবে। আজ ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। এ জন্য আমি গর্বিত।’

গাজীপুরের টঙ্গীর (৫৫, ৫৬, ৫৭) ওয়ার্ড কাউন্সিলর রাখি সরকার নেতা–কর্মী নিয়ে সকাল সাতটায় আসেন দিয়াবাড়ি এলাকায়। সঙ্গে এসেছেন টঙ্গী মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রোকসানা খান। তিনি বলেন, ‘আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। প্রধানমন্ত্রীর উন্নয়ন নজিরবিহীন।’

সকাল থেকে দিয়াবাড়ি এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন রঙের টি–শার্ট, মাথায় টুপি পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দিয়াবাড়ি এলাকায় আসছেন লোকজন। মোটরসাইকেলের বহর নিয়েও আসতে দেখা গেছে। কেউ এসেছেন বাসে করে। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ। বিমানবন্দর, আশকোনা থেকে দল বেঁধে মানুষদের আসতে দেখা গেছে।

লোকনাথ ব্যান্ড পার্টির পরিচালক জিতেন তাঁর দল নিয়ে সাভারের জিরাবো থেকে এসেছেন দিয়াবাড়িতে। তিনি বলেন, ‘মেট্রোরেল উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে।’ সকাল থেকে অন্তত ১০ জনের সঙ্গে এই প্রতিবেদক কথা বলেছেন।

তাঁরা বলেন, মেট্রোরেলের কারণে ঢাকার যানজট অনেকাংশে কমে আসবে। বিমানবন্দর এলাকা থেকে এসেছেন সাইফুল ইসলাম। তিনি বলেন, তাঁকে প্রায় সময় মতিঝিল যেতে হয়। মেট্রোরেলের কারণে তাঁর যাতায়াত সহজ হয়ে যাবে। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর, উত্তরা এলাকায় টাঙানো হয়েছে সাইনবোর্ড, প্ল্যাকার্ড।