সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে থাকার তথ্য গোপনের অভিযোগ তুলে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য ওঠে। প্রার্থীর পক্ষে আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম (নট টুডে) এক দিন সময় মঞ্জুর করেন।
ইসির আইনজীবী জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সালাউদ্দিন। তবে এক শতাংশ ভোটারের তথ্যে অসঙ্গতি থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে তা নামঞ্জুর হয়। এর বৈধতা নিয়ে এবং প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করলে তা–ও খারিজ হয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। শুনানি নিয়ে ২১ ডিসেম্বর চেম্বার আদালত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে নির্দেশ দেন। এই আদেশ প্রত্যাহার চেয়ে ২৭ ডিসেম্বর ইসি আবেদনটি করে।
আদালতে ইসির পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। ওই প্রার্থীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড আবদুল হাই ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ইসির আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ শুনানিতে বলেন, মোহাম্মদ সালাউদ্দিন স্বাস্থ্য সহকারী হিসেবে ২০১২ সাল থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করে আসছেন। অথচ নির্বাচনে মনোনয়নপত্রে ব্যক্তিগত তথ্যে তিনি পেশা ব্যবসা (ওষুধ) বলে উল্লেখ করেছেন। হলফনামায় পেশা ব্যবসা (ওষুধ) বলে উল্লেখ করেছেন। তিনি যে সরকারি চাকরিজীবী, সে বিষয় তিনি গোপন করেছেন। এমনকি ভোট গ্রহণ কর্মকর্তার তালিকায় তাঁর (মোহাম্মদ সালাউদ্দিন) নাম রয়েছে বলে গণমাধ্যমে এসেছে। সংবিধান ও সরকারি কর্মচারী আচরণ বিধিমালার বিধি অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না।
এরপর ওই প্রার্থীর পক্ষে আবেদনকারী অ্যাডভোকেট অন রেকর্ড আবদুল হাই ভূঁইয়া আদালতে উপস্থিত হন এবং এক দিনের সময়ের আরজি জানান।
পরে আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারী হিসেবে চাকরিতে থাকার তথ্য গোপন করায় মূলত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে ইসি আবেদনটি করে। শুনানি নিয়ে চেম্বার আদালত আগামী রোববার আদেশের জন্য দিন রেখেছেন।