জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে আহতদের একজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষে আহতদের একজন

ফুটবল খেলাকে কেন্দ্র করে জবিতে সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ কয়েকজন আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হন।

আজ বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার ধূপখোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত শিক্ষার্থীদের ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয়লাভ করে।

খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাঠে দায়িত্ব পালনরত শিক্ষকেরাও আহত হন। তাঁরা হলেন মোহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ খায়রুল ইসলাম, নাজমুস সাকিব। আহত শিক্ষার্থীরা হলেন আবু মুসা, মো. মিন্টু, মোহাম্মদ রিফাত ও ফাতেমা আলীসহ বেশ কয়েকজন।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।