
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক সাতটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ছাড়া ওই থানায় করা বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার এসব আদেশ দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা পৃথক সাতটি হত্যা মামলায় আজ সালমান এফ রহমান, চৌধুরী আবদুল্লাহ আল–মামুনসহ সাতজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁদের যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। পৃথক ১০টি মামলায় তাঁর ৫৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। পৃথক সাতটি মামলায় তাঁর ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ১৯ আগস্ট গ্রেপ্তার হন দীপু মনি। পৃথক তিনটি মামলায় তাঁর ১৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্মেদ পলক। পাঁচ মামলায় তাঁর ৩৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। চার মামলায় তাঁর ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৬ আগস্ট গ্রেপ্তার ইনু। পাঁচ মামলায় তাঁর ২৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৯ আগস্ট গ্রেপ্তার হন মশিউর রহমান। পৃথক তিনটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আনিসুল, আসাদুজ্জামান নূরসহ গ্রেপ্তার ৯
এ ছাড়া রমনা থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ নয়জনকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।
আনিসুল ছাড়া অন্য আটজন হলেন হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, অতিরিক্ত উপমহাপরিদর্শক মশিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ সকাল সাতটার পর সাবেক মন্ত্রী আনিসুল হক, আসাদুজ্জামান নূরসহ নয়জনকে কারাগার থেকে আদালত হাজির করা হয়। এরপর তাঁদের রমনা থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে রমনা থানা-পুলিশ। পরে আদালত তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে সকাল ১০টার পর তাঁদের আবার কারাগারে পাঠানো হয়েছে।