
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে ‘আইডিআরএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে লাইফ ইনস্যুরেন্সে সেরা হয়েছে মেটলাইফ, আর নন–লাইফ ইনস্যুরেন্সে সেরা হয়েছে প্রগতি ইনস্যুরেন্স পিএলসি।
বাংলাদেশের বিমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন স্বীকৃতি প্রদান এবং গ্রাহকের আস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘উন্নত দেশগুলোর সঙ্গে আমাদের পার্থক্য কমাতে হলে গ্রাহককেন্দ্রিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিমা পণ্যে উদ্ভাবন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। আইডিআরএ এই ক্ষেত্রে যে নেতৃত্ব দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক স্বাগত বক্তব্য দেন। এ সময় ‘আইডিআরএ: ইতিবাচক পরিবর্তনের এক যাত্রা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিমা খাতে নৈতিকতা, স্বচ্ছতা ও সুশাসন বিশেষ অবদান রাখায় নির্বাচিত প্রতিষ্ঠানদের ‘আইডিআরএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ দেওয়া হয়।
অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নন-লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে প্রগতি ইনস্যুরেন্স পিএলসি। দ্বিতীয় সাধারণ বীমা করপোরেশন, তৃতীয় রিলায়েন্স ইনস্যুরেন্স পিএলসি, চতুর্থ গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স পিএলসি এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্স পিএলসি, সেনা ইনস্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
অন্যদিকে লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি (মেটলাইফ)। দ্বিতীয় স্থানে প্রগতি লাইফ ইনস্যুরেন্স পিএলসি, তৃতীয় ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, চতুর্থ জীবন বীমা করপোরেশন এবং যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
অনুষ্ঠানে বক্তব্য দেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আদিবা আহমেদ, প্রগতি ইনস্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সৈয়দ সেহাব উল্লাহ আল মনজুর, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলা উদ্দিন আহমদ, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিআরএর চেয়ারম্যান এম আসলাম আলম।