ওঁরা ব্যক্তিকে নিশানা করেন, কথা বলেন, তারপর করেন ছিনতাই

ছিনতাইকারীরা নিশানা করা ব্যক্তিকে আগে থেকে অনুসরণ করতে থাকেন। এরার অনুসরণ করা ব্যক্তির সঙ্গে ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন ধরনের কথা বলেন। একপর্যায়ে কথা বলতে বলতে নিশানা করা ব্যক্তিকে সুবিধামতো কোনো জায়গায় নিয়ে যান। সেখানে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা উপস্থিত হন। চক্রের একজন সদস্য ওই ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়ান ও মারধর শুরু করেন। লোকজন এগিয়ে গেলে চক্রের সদস্যরা বলেন, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ মারামারি হয়েছে। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি তাঁদের চক্রের কেউ একজন সেরে ফেলেন।

রাজধানীতে এমন কায়দায় হচ্ছে ছিনতাই। বেপরোয়া এমন ২৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁদের ছিনতাইয়ের এমন বর্ণনা তুলে ধরে র‌্যাব আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।

র‌্যাব বলেছে, অমর একুশে বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানুষের সমাগম বাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠেছিলেন।

গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, ক্ষুর, এনটি কাটার, কাঁচি, মুঠোফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

র‍্যাব বলেছে, গত ৬ মাসে র‍্যাব-৩ ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান চালিয়ে ২০৪  ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

আজকের সংবাদ সম্মেলনে র‍্যাব-৩–এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন অলিগলিতে ওত পেতে থাকেন। সুযোগ পাওয়ামাত্রই তাঁরা পথচারী, রিকশা আরোহী, যানজটে আটকে পড়া সিএনজি, অটোরিকশার যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সব লুট করে নেন। প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠেন। ছিনতাইয়ে বাধা দিলে তাঁরা ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের আক্রমণ করেন। সাম্প্রতিক সময়ে খিলগাঁও মালিবাগ রেলগেট, কমলাপুর, মতিঝিল, হাতিরঝিল, শাহবাগ, পল্টন, মানিকনগর, নন্দীপাড়া ও গুলিস্তান এলাকায় সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ছিনতাইকারীদের তৎপরতা বেড়েছে।

ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বাড়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পাওয়ায় ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তার ছিনতাইকারীরা জিজ্ঞাসাবাদে র‍্যাবকে বলেছে যে কোনো উৎসবকে কেন্দ্র করে ছিনতাইকারীদের তৎপরতা বাড়ে। তাঁরা শাহবাগ, শাহজাহানপুর, মতিঝিল, কমলাপুর, খিলগাঁওসহ আরও বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে আসছিলেন।

র‍্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, ছিনতাই করা টাকা দিয়ে ছিনতাইকারীরা বিভিন্ন ধরনের নেশা করেন। তাঁদের স্থায়ী কোনো বাসা নেই। গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়ার কিছুদিনের মাথায় জামিনে বেরিয়ে আগের কাজে জড়িয়ে যান।