রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর
রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর

আনন্দলোকে মঙ্গলালোকে-প্রবাসে রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর…’ সাদা-লাল পোশাকে একে একে মিলনায়তনে ঢুকছিলেন দর্শকেরা। কারও পরনে শাড়ি, কারও পোশাকে বাঙালিয়ানার ছোঁয়া। শিল্পীদের সাজেও ছিল সাদা-লালের প্রাধান্য। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের সাইন্টোলজি চার্চের চ্যাপেল হলে এমনই এক আবহে শুরু হয় রবীন্দ্র সাংস্কৃতিক উৎসব।

সন্ধ্যা সাতটা। দর্শকে পূর্ণ হয়ে উঠেছে হল। মঞ্চে উঠলেন উপস্থাপক সাথী বড়ুয়া ও আশীষ কুমার ঘোষ। তাঁদের ঘোষণার পর সবাই দাঁড়িয়ে গেলেন। প্রথমে পরিবেশিত হলো যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত, এরপর বাংলাদেশের জাতীয় সংগীত।

উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর

দুই দেশের জাতীয় সংগীতের পর বিশিষ্ট কবি কাজী মাশরুল হুদার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। রবীন্দ্রসংগীত পরিষদের আয়োজনে তিন ঘণ্টার এই অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি।

রবীন্দ্রনাথের গান ও কবিতা বাঙালির সাংস্কৃতিক জীবনের সঙ্গে গভীরভাবে মিশে আছে। দেশ থেকে দূরে থাকলেও তাঁর সৃষ্টি প্রবাসী বাঙালির কাছে পরিচিত ও আপন। সেই পরিচিত অনুভূতিই যেন ফিরে আসছিল একের পর এক পরিবেশনায়।

কখনো রবীন্দ্রসংগীতের সুর, কখনো সেই গানের সঙ্গে নৃত্যের ছন্দ, আবার কখনো কবিতা আবৃত্তি। পরিচিত কোনো গান শুরু হলে দর্শকদের অনেকেই শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন। আবৃত্তির সময় পুরো মিলনায়তনে নেমে এসেছে নীরবতা। পরিবেশনা শেষে করতালিতে মুখর হয়েছে হল।

রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে সংগীত পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর

গানে, নৃত্যে, আবৃত্তিতে

মঞ্চে একেকজন শিল্পী একেকভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথের সৃষ্টি। গানের সঙ্গে নৃত্য কখনো মঞ্চকে প্রাণবন্ত করেছে, আবার আবৃত্তির পরিবেশনা তৈরি করেছে অন্য রকম আবেশ। বিভিন্ন বয়সের শিল্পীদের অংশগ্রহণে পুরো আয়োজন পেয়েছে বৈচিত্র্য।

বিশেষ করে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। প্রবাসে জন্ম নেওয়া কিংবা বেড়ে ওঠা অনেকেই গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে তাঁদের পরিচয়ও যেন মঞ্চের এই পরিবেশনাগুলোর মধ্য দিয়ে আরও দৃশ্যমান হয়ে উঠেছে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস অঞ্চলে এ ধরনের রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবের আয়োজন এই প্রথম। তাই অনুষ্ঠান ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহও ছিল চোখে পড়ার মতো।

আয়োজনের নেপথ্যে

রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে নৃত্য পরিবেশনা। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর

এই আয়োজনের পরিকল্পনা ও সম্পাদনা করেন বিশিষ্ট লেখক অধ্যাপক সুমন বড়ুয়া। সংগীত পরিচালনা করেন শিল্পী রহমান। তাঁকে সহযোগিতা করেন বুবলি বড়ুয়া। অনুষ্ঠানকে সুন্দরভাবে এগিয়ে নিতে নিশু, এসবি শ্রেয়াস, হৃদ্ধী ও সৌম্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যন্ত্রসংগীতে ছিলেন জ্যোতি প্রকাশ মিস্ত্রী, আবু হানিফা ও দেবাশীষ বড়ুয়া।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে অনুষ্ঠান। শেষ পরিবেশনার পরেও কিছুক্ষণ দর্শকদের আনাগোনা ছিল হলে। শিল্পীদের সঙ্গে কথা বলা, ছবি তোলা আর পরিচিতজনদের সঙ্গে অনুষ্ঠানের নানা মুহূর্ত নিয়ে কথা বলতে দেখা যায় অনেককে।

অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। সনদ পাওয়ার আনন্দে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সের শিল্পীদের মুখে ছিল হাসি। মঞ্চে তাঁদের হাতে সনদ তুলে দেওয়ার মুহূর্তটি হয়ে ওঠে সন্ধ্যার শেষ স্মরণীয় পর্বগুলোর একটি।

রবীন্দ্র সাংস্কৃতিক উৎসবে অংশ নেয় শিশু–কিশোরেরাও। সাইন্টোলজি চার্চের চ্যাপেল হল, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ২৭ সেপ্টেম্বর

যাঁরা মুগ্ধ করলেন

অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তিতে অংশ নেন শিল্পী রহমান, ঊর্মি আতাহার, শায়লা রুমী, বুবলি বড়ুয়া, সাথী বড়ুয়া, স্নিগ্ধা পোদ্দার, আলভিনা ইসলাম, মিলু আচার্য্য, মানিক বড়ুয়া, এসবি শ্রেয়াস, জয়শ্রী বিশ্বাস, তৃপ্তি মজুমদার, হৃদ্ধী বড়ুয়া, প্রহেলিকা মণ্ডল, নয়ন বড়ুয়া, উৎপল বড়ুয়া, স্মৃতি বড়ুয়া, অনামিকা ঘোষ, রিম্পা বড়ুয়া, অথৈ সাহা, সীমা ধর, পারমিতা, মুক্তি বড়ুয়া, সংগীতা বড়ুয়া, অর্চনা বিশ্বাস, শুভ্রা মুখার্জী, দুর্গা, দেবান্তী, গোসালী, পিয়া, মৌমিতা বড়ুয়া, পৃথিলা বড়ুয়া, প্রনুসা বড়ুয়া, আজমি হোসেন স্বর্ণা, আদল হোসেন সরল, জয়শ্রী বড়ুয়া, রিধি বড়ুয়া, ওয়ালিফ সাবিন ওয়াফি, প্রীতিশ বড়ুয়া, অরিন ঘোষ, আবিব আয়েন ওয়ামিক, আরিয়ান বড়ুয়া, আয়ুষ ঘোষ, অতীশ বড়ুয়া, প্রিয়ম মণ্ডল ও সৌমিক বড়ুয়া।