
মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশে ফিরেছেন। আজ বুধবার রাত ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গত সোমবার কুয়ালালামপুরে আসেন। তিন দিনের এই সফর চলাকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ উচ্চপর্যায়ের একাধিক বৈঠকে অংশ নেন প্রফেসর ইউনূস। এ সফরে মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই করেছে বাংলাদেশ।
আজ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।