
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আগামী জাতীয় সংসদের নির্বাচনে জনগণের ভোটে যাঁরা জয়ী হবে তারাই ক্ষমতায় আসবে। সরকার গঠন করবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় তৎকালীন জগন্নাথ কলেজ থেকেই আমার রাজনীতির হাতেখড়ি। যখনই বিশ্ববিদ্যালয়ে আসি, প্রতিটি ভবন দেখে সেই পুরোনো স্মৃতিতে ফিরে যাই। আমার যা কিছু অর্জন তা এই শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই। আমার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পেছনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ যে আলোকিত পথ ধরে উন্নয়নের ধারা অব্যাহত করছে। সেই উন্নয়নে অবদান রাখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আল্যামনাইয়ের সদস্যরা।
আল্যামনাইয়ের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, সাবেক উপাচার্য মেসবাহ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমেদ প্রমুখ।