দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় ঠিক করতে একটি টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) ১১ সদস্যের এই টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন-২ অধিশাখার যুগ্ম সচিবকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব, পুলিশের বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালক (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো)।
টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, এটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন করবে এবং পরামর্শ দেবে। কমিটি এ–সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ এবং প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এ ছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং সদস্য সহযোগিতা করতে পারবে।