নাসিমুল গনি
নাসিমুল গনি

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নাসিমুল গনি চুক্তিভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। চুক্তিভিত্তিতে তাঁকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন হয়। আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।

আবদুর রশিদের চুক্তি বাতিল করে মন্ত্রিপরিষদ সচিব পদে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে দায়িত্ব দেওয়া হয়। বলা হয়, তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত এই দায়িত্ব পালন করবেন। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হলো।

নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এই ব্যাচের প্রশাসন ক্যাডারের ১৪২ জনের মেধা তালিকায় তাঁর অবস্থান ছিল ষষ্ঠ।

নাসিমুল গনি ১৯৮৩ সালে সহকারী কমিশনার (জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি) হিসেবে তাঁর চাকরিজীবন শুরু করেন। চার বছর রাঙ্গামাটিতে চাকরি করার পর তাঁকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়। পরে তাঁকে একাডেমির উপপরিচালক, আরও পরে যুগ্ম পরিচালক পদে নিয়োগ করা হয়।

১৯৯০ সালে নাসিমুল গনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হন। ১৯৯১ সালে তিনি তৎকালীন ভূমিমন্ত্রীর একান্ত সচিব পদে বদলি হন। পরে তাঁকে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ করা হয়।

১৯৯৫ সালে নাসিমুল গনিকে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পদে নিয়োগ করা হয়। এক বছর পর তাঁকে বাগদাদ থেকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাঁকে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ করা হয়। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়।

১৯৯৯ সালে নাসিমুল গনিকে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক পদে নিয়োগ করা হয়। ২০০১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি লাভ করেন। তাঁকে জামালপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্ব শেষে তিনি স্পিকারের একান্ত সচিব পদে নিযুক্ত হন।

২০০৪ সালে নাসিমুল গনি যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কাজ করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে নাসিমুল গনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। তাঁকে রাষ্ট্রপতির একান্ত সচিব পদে নিয়োগ করা হয়। ২০০৭ সালে তাঁকে নিপোর্টের মহাপরিচালক পদে পদায়ন করা হয়।

২০০৯ সালে নাসিমুল গনিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাঁকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার নাসিমুল গনিকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।