জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইতিহাস বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন মিয়াকে সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের ফেরদৌস শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এ কমিটি ঘোষণা করেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জবি ছাত্রশক্তি ‘জুলাই গণ-অভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক এ সভার আয়োজন করে।
কমিটির অন্য চার সদস্য হলেন জ্যেষ্ঠ সহসভাপতি কামরুল হাসান (মনোবিজ্ঞান, ২০২১-২২), জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম (বাংলা, ২০২২-২৩) এবং সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান (২০২২-২৩) ও রাকিবুল ইসলাম (২০২৩-২৪)।
কেন্দ্রীয় নেতারা জানান, ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যে এ কমিটি দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং আবাসনসংকট দূর করাসহ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়নে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একটি বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।
কমিটি ঘোষণার সময় কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন।