
‘আজ যে পাঠক, কাল সে নেতা।’ মার্গারেট ফুলারের এ কথা যদি কিছু মানুষ মানতেন, তাহলে সত্যিকারের অনেক নেতা পেতাম আমরা দেশে। দেশটাও সুন্দর হয়ে উঠত আরও। আর নিজের ভুবনকে বড় করার জন্য তো জ্যাকুলিন কেনেডি বলেই দিয়েছেন, ‘তোমার পৃথিবীকে বড় করার অনেক পথ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে বইকে ভালোবাসা।’ এ সময়ের জনপ্রিয় লেখক স্টিফেন কিং বলেছেন, ‘বই হচ্ছে বহন উপযোগী এক আশ্চর্য জাদু!’
বই নিয়ে অনেকে আরও অনেক কথা বলেছেন। আর এটা তো ঠিক, বই হচ্ছে সেই স্বজন, যা আপনার অন্দরমহলের নিজস্ব ঘরে স্থান পায় রাত-দিন। শোভিত হয় মাথার কাছে, পাশের কোনো টেবিলে কিংবা শিয়রে। অনাহূত নয়, বিরক্তিকরও নয়, প্রবল সৌন্দর্যে সে উঠে আসে হাতে, চোখের নিকটে, নিগূঢ় মনোযোগে। বিনোদনের নানা পরিপত্রের (গেজেট) দাপটে বই পড়া মানুষ ছেড়ে দেবে, বই আর কিনবে না কেউ, আশঙ্কা আর দুর্ভাবনার এই কালো ছায়াকে উড়িয়ে দিয়ে বই টিকেও আছে স্বমহিমায়, নিজস্ব আলোয়। তাই তো পৃথিবীর নানা দেশের নানা জরিপে চলে এসেছে—বই বিক্রি আগের চেয়ে বেড়েছে। তার মানে বেড়েছে পাঠক।
বই পড়ার সব আয়োজন-আনন্দ আর উত্সাহ; আর সঠিক বানান, পরিপূর্ণ বাক্য, পরিচ্ছন্ন গল্প-কাহিনি নিয়ে দেশে আত্মপ্রকাশ করছে প্র প্রকাশন। প্র প্রকাশন থেকে মূলত বের হবে কিশোর উপন্যাস, সব ধরনের থ্রিলার, হরর, ফ্যান্টাসি, কিশোর উপযোগী বিশ্বের সেরা সেরা বইয়ের অনুবাদসহ অন্যান্য বই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ‘টিনএজার’দের নিয়েও কাজ করবে এটি। প্র প্রকাশন আসলে হতে যাচ্ছে কিশোর আর টিনএজারদের বই নিয়ে আলাদা, স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান, যা আমাদের দেশে এই প্রথম।
প্র প্রকাশন নিয়ে দেশের অগ্রগণ্য লেখক সেলিনা হোসেন বলেন, কিশোর ও টিনএজারদের নিয়ে একটি প্রকাশনা হবে, এটি একটি চমৎকার উদ্যোগ। কিশোরদের মানসিক জগৎকে সমৃদ্ধ করবে এটি।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের প্রকাশনা জগৎ এখন অনেক সমৃদ্ধ। কিন্তু একটা ঊনতা আছে। কিশোরদের জন্য বিশেষভাবে বই বের করবে—এমন প্রকাশক নেই। প্র প্রকাশন সেই জরুরি কাজটা করতে যাচ্ছে যেনে আমি আশ্বস্ত বোধ করছি।’
২০২৩ সালের বইমেলায় প্র প্রকাশন ৭টি বই এনেছে। বইগুলো হলো মাইনুল এইচ সিরাজীর কিশোর থ্রিলার ‘বাসার স্যারের বাকি রহস্য’, পলাশ মাহবুবের কিশোর উপন্যাস ‘প্রতি মঙ্গলবার আমরা বই ছাড়া স্কুলে যাই’, আশীফ এন্তাজ রবির কিশোর ফ্যান্টাসি ‘উওজা’, সুমন্ত আসলামের কিশোর থ্রিলার ‘রূপংকর ভয়ংকর’। এগুলো মৌলিক উপন্যাস। জন প্রিনের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে ‘তুমি রবে নীরবে’ লিখেছেন মোস্তাক শরীফ, আর এল স্টাইনের ‘ওয়েলকাম টু ডেড হাউস’ অবলম্বনে ‘গোরস্তানের গলি’ লিখেছেন ডিউক জন, উইলিয়াম স্লিটরের ‘মার্কো’স মিলিয়নস’ অবলম্বনে ‘অদৃশ্য পৃথিবী’ লিখেছেন তানভীর মৌসুম।
বইগুলো পাওয়া যাবে বইমেলায় প্রথমা প্রকাশনের প্যাভিলয়ন ৬-এ। ঘরে বসে বই পেতে হলে লগইন করতে হবে
www.prothoma.com আর ফোনে বই পেতে ০১৭৩০ ০০০৬৪৮।