
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া এ সময়ে নতুন করে ৮৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৫৯ জন ও ঢাকার বাইরে ৩০ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৬১ হাজার ৯৭২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৩৯ হাজার ২৯ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৯৪৩ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫০১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৯৭ জন, ঢাকার বাইরের হাসপাতালে ২০৪ জন।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ৬১৪ জন।
আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৬ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৭১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় ১০৫ জন।
দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।