
পোশাকশ্রমিকেরা বুধবার ১ নভেম্বর বেলা ১১টায় রাজধানীর মজুরি বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি করবেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’–এর বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচার এবং অবিলম্বে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে চলছে এ আন্দোলন।
মঙ্গলবার অষ্টম দিনের মতো শ্রমিকদের এ আন্দোলন হয়েছে। সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে মজুরি বৃদ্ধির বিষয়টি এ সময়ে টেনে এনেছে, যার সম্পূর্ণ দায়দায়িত্ব মালিকদের নিতে হবে। আইন মেনে ছয় মাসের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা না করে নভেম্বর মাস পর্যন্ত বিলম্ব করা হয়েছে। এখন এসে মালিকদের ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের কশাঘাতে জর্জরিত শ্রমিকদের ক্ষোভকে উসকে দেওয়া হয়েছে।
বক্তারা বলেন, গত পাঁচ বছরে শ্রমিকদের মজুরি বাড়েনি। অন্যদিকে দেশে মুদ্রাস্ফীতি ও বাজারের অবস্থা ভয়াবহ। সাধারণ যৌক্তিক নিয়মেই শ্রমিকের মজুরি বৃদ্ধি করার কথা ছিল। পাঁচ বছর পর মজুরি বোর্ড গঠিত হয়েছে। মেয়াদ ছয় মাস পার হলেও মজুরি বোর্ড এখনো মজুরি ঘোষণা করেনি। মালিকদের চক্রান্তে এই সময়ে নির্বাচনী ডামাডোলে শ্রমিকদের মজুরি আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শ্রমিক হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনা এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার মাধ্যমে সংকটের সমাধানের দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, গাজীপুরের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে সাত দিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। রোববার থেকে আশুলিয়ায় শ্রমিকেরা ২৫ হাজার টাকা মজুরির দাবিতে রাস্তায় নেমেছেন। মঙ্গলবার মিরপুরে শ্রমিকেরা একই দাবিতে রাস্তায় নেমেছেন। পুলিশ সন্ত্রাসী কায়দায় গুলি করে শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে। এর দায় মালিক ও সরকারকে নিতে হবে।
গার্মেন্ট শ্রমিক আন্দোলনের আহ্বায়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সদস্যসচিব সাদেকুর রহমান শামীমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম, বিপ্লবী গার্মেন্ট শ্রমিক সংহতিসহ পোশাকশ্রমিকদের নিয়ে গঠিত বিভিন্ন সংগঠনের নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনের কদম ফোয়ারা হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জোটের নেতারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের দেখতে যান। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আশুলিয়া, গাজীপুর ও সাভারের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা যত দ্রুত সম্ভব ‘গ্রহণযোগ্য’ মজুরি ঘোষণার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন। পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ থেকে মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় অবস্থিত পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে। উত্তেজিত শ্রমিকেরা ফাঁড়ির ফটক, কার্যালয়ের কাচ ও সাইনবোর্ড ভাঙচুর করেছেন। সকালে রাজধানীর মিরপুরেও আন্দোলনে নামেন পোশাকশ্রমিকরা। মিরপুর সাড়ে ১১তে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক শ শ্রমিক।