
সমালোচনার মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।
গতকাল ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। আজ শুক্রবার ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপি সূত্র জানায়, সম্প্রতি এক প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তা মাসুদ রানাকে নিয়ে একাধিক পোস্ট দেন। পোস্টের একটি ভিডিওতে শেখ হাসিনাকে ‘মানবতার মা’ হিসেবে উল্লেখ করতে শোনা যায় মাসুদ রানাকে, যেটি বেশ ভাইরাল হয়।
অপর একটি পোস্টে জাওয়াদ নির্ঝর লিখেন, একসময় প্রকাশ্যে শেখ হাসিনাকে ‘মা’ সম্বোধন করা, তাঁর জন্য নোবেল পুরস্কার কামনা করা এবং আওয়ামী লীগ–ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকার সুযোগ কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা মাসুদ রানাকে এখন ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্বে দেখা যাচ্ছে।