বিবৃতি
বিবৃতি

ভবন থেকে পড়ে গৃহশ্রমিকের মৃত্যু

সুষ্ঠু তদন্তের দাবি সামাজিক প্রতিরোধ কমিটির

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছে।

আজ সোমবার সংগঠনটির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথাগুলো বলা হয়। সামাজিক প্রতিরোধ কমিটি বাংলাদেশের ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। সংগঠনটির পক্ষে বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি ফওজিয়া মোসলেম বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে বলা হয়, ৮ মার্চ দেশে যখন সরকারি, বেসরকারি ও মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক নারী দিবস পালন করছিল, তখন রাজধানীর বনানীর ১৩ নম্বর সড়কের একটি সাততলা ভবন থেকে নিচে পড়ে এক তরুণী গৃহশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে।

এতে আরও বলা হয়, নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার অঙ্গীকারের দিনে এ ঘটনা সমাজে বিদ্যমান বৈষম্য, অবহেলা ও গৃহশ্রমিকদের অনিরাপদ অবস্থার নির্মম বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি মৃত্যু নাকি হত্যা, সে প্রশ্নও উঠেছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জোর দাবি জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটি। পাশাপাশি দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।