আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

শিবিরের দুই নেতার পায়ে গুলি: আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২০ এপ্রিল

যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের ওপর আদেশ দেওয়া হবে ২০ এপ্রিল। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ২০১৬ সালে এ ঘটনা ঘটে।

এই মামলার মোট ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার আছেন তিনজন। তাঁরা হলেন আকিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও কাজী জহুরুল হক। তাঁরা তিনজনই পুলিশের সাবেক সদস্য।

গ্রেপ্তার তিন আসামির পক্ষের আইনজীবীরা বলেন, যশোরে দুই নেতার পায়ে গুলি লাগার ঘটনাটি পদ্ধতিগত ও ব্যাপক মাত্রায় অপরাধ নয়। এটি নির্দিষ্ট বেসামরিক জনগণের ওপরও আক্রমণ নয়। ফলে এটি মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে না। এ কারণে এটি ট্রাইব্যুনালের বিচারের আওতায় আসে না। ফলে মানবতাবিরোধী অপরাধের এই মামলা থেকে আসামিদের অব্যাহতি চান তাঁরা। পরে ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন।

প্রসিকিউশন বলেছে, ২০১৬ সালে যশোরের চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনের পায়ে গুলি করা হয়। পরে গুলি করা ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। বালু ঢোকানোর কারণে তাঁদের পায়ে পচন ধরে। একপর্যায়ে তাঁদের পা কেটে ফেলতে হয়।

যশোরের সাবেক পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ আটজন এ মামলায় আসামি। এর মধ্যে তিনজন কারাগারে আছেন। তাঁদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর পাঁচ আসামি পলাতক।