
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের প্রথম ও প্রধান কাজ হলো আইনশৃঙ্খলা রক্ষা তথা জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রত্যয়ী পুলিশ।
আজ শনিবার সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ মিলনায়তনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। তিনি বিআরপিওডব্লিউএর প্রধান পৃষ্ঠপোষক।
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অতীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। পুলিশ ভবিষ্যতেও দেশের আইনশৃঙ্খলা রক্ষার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ়প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
আইজিপি বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা বাংলাদেশ পুলিশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পুলিশের রচিত ভীতের ওপরই বর্তমান পুলিশ দাঁড়িয়ে আছে। নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তারা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে উপদেশ ও নির্দেশনা গ্রহণ করে নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনে সচেষ্ট হবেন।
পুলিশপ্রধান বলেন, বিআরপিওডব্লিউএ একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। ৪০ বছর ধরে এই সমিতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ পুলিশেরও প্রভূত উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবহারের ফলে বেশির ভাগ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটিত হচ্ছে। এতে পুলিশের কাজেও ব্যাপক গতিশীলতা এসেছে।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী। বার্ষিক বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. বক্তিয়ার হোসেন ভূঞা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির কার্যনির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক। সভায় সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানার পরিদর্শক এস এম আশরাফুল আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার এসআই তহুরা আক্তারকে এস এম আহসান স্মৃতি পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনকারী ২৯ মেধাবী শিক্ষার্থীকে সমিতি পরিচালিত ‘মরহুম মহীউদ্দিন আহমদ চৌধুরী-এম সহীদুল ইসলাম চৌধুরী শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে সভায় কর্মরত ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।