বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন, নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর পাশাপাশি নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র।’

অভিনন্দন বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এদিন জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে ইসি। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের (চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪) ফলাফল ঘোষণা করা হয়নি। আর প্রার্থী মারা যাওয়ায় একটি আসনে (শেরপুর-৩) নির্বাচন স্থগিত রয়েছে।

নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাঁদের শরিকেরা পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।