
সন্ত্রাসী হামলায় আক্রান্ত প্রথম আলোর প্রতি সংহতি জানাতে এলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়েগা ওচহোওয়া দি চিনচিত্রু। এ ঘটনার স্বাধীন ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে, এমনটাই আশা প্রকাশ করেন তিনি।
এই রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক সমাজে প্রথম আলোসহ গণমাধ্যমের সব প্রতিষ্ঠানের প্রতি স্পেনের সংহতি ও সমর্থন রয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসে প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয়টি ঘুরে দেখেন গ্যাব্রিয়েল মারিয়া। এ সময় তিনি নানা বিষয়ে খোঁজ নেন।
গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো ও ডেইলি স্টারে উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলা হয়। হামলাকারীরা ভাঙচুর-লুটপাটের পাশাপাশি সংবাদপত্র দুটির ভবন আগুনে পুড়িয়ে দেয়। গণমাধ্যম প্রতিষ্ঠানে এমন হামলায় দেশে ও বিদেশে নিন্দার ঝড় ওঠে।
আজ প্রথম আলোর পুড়িয়ে দেওয়া কার্যালয়টি ঘুরে দেখার পর স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘গত ডিসেম্বরে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলার সময় বাংলাদেশে ছিলাম না। তাই ওই সহিংসতার পরপর আমি প্রথম আলো কার্যালয়ে আসতে পারিনি। ঢাকায় ফিরে আমি প্রথম আলো ও গণমাধ্যমের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি। কয়েক সপ্তাহ আগে প্রথম আলো কার্যালয়ে যে হামলা হয়েছে, আমি সেটার নিন্দা জানাই। গণতান্ত্রিক সমাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে জন্য আমি প্রথম আলোর প্রতি সংহতি আর সমর্থন জানানোর পাশাপাশি প্রশংসাও করছি।’
প্রথম আলো কার্যালয়ে স্পেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।