
মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে মুক্তিযুদ্ধের সময় চিকিৎসাক্ষেত্রে যে বিপুল প্রয়াস, তা এখনো প্রায় আলোচনার বাইরে। দীর্ঘদিনের গবেষণায় ইতিহাসের এই দিকটি তুলে ধরেছেন শাহাদুজ্জামান ও খায়রুল ইসলাম। তাঁদের এই প্রয়াস প্রকাশ পাচ্ছে ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ নামে।
আগামীকাল বুধবার বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে বইটির প্রকাশনা উৎসব। ‘মুক্তিযুদ্ধের চিকিৎসা ইতিহাস’ বইটি প্রকাশ করছে প্রথমা প্রকাশন।
মুক্তিযুদ্ধকালীন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ হাসপাতালের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ হাসপাতালের নার্স পদ্মা রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি ম খুরশীদ আলম অনুষ্ঠানে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করবেন। এ সময় তাঁরা বইটি নিয়ে আলোচনা ও অনুভূতি ব্যক্ত করবেন। পরে বইটি রচনার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন লেখকেরা।