আফসান ইলিয়াছের বয়স ৯ ছুঁই ছুঁই। চটপটে ছেলেটি জ্বরে আক্রান্ত হয় গত শুক্রবার। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। থেমে যায় উচ্ছলতা। এরপর বাসাতেই চলছিল চিকিৎসা। কিন্তু রক্তের অণুচক্রিকা (প্লাটিলেট) কমে যাওয়া ও দুর্বল হয়ে পড়ায় গত বুধবার তাঁকে চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের বিছানায় বিশ্রাম নিচ্ছিল আফসান। পাশে বসে ছিলেন মা শামীমা আক্তার। তাঁর চোখেমুখে ক্লান্তি, ভয়। দুশ্চিন্তায় গত রাতে ঘুম হয়নি তাঁর। শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, ২৮ জুলাই জ্বর ওঠার পর আফসান অনেক দুর্বল হয়ে পড়ে। খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। অথচ আগে এমনটা ছিল না সে। সারা দিন ছোটাছুটি করত।
শামীমা আক্তারের সঙ্গে যখন কথা হয় তখন ঘড়ির কাঁটা দুপুর ১২টার ঘরে। ওই সময়ে তাঁর স্বামী মো. ইলিয়াছ তাঁদের বড় ছেলে আফনান ইলিয়াছকেও (১৩) হাসপাতালে নিয়ে আসেন। ছোট ছেলের পাশেই তাঁর থাকার জায়গা হয়।
মা-বাবা জানান, বড় ছেলে আফনানের রোববার জ্বর আসে। সেদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এত দিন বাসাতেই চিকিৎসা চলছিল। কিন্তু হঠাৎ করে বুধবার রাত থেকে তাঁর শরীরটাও দুর্বল হয়ে পড়ে। পরীক্ষা করে দেখা যায়, প্লাটিলেট কমে গেছে। এ কারণে তাঁকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
মো. ইলিয়াছ ও শামীমা আক্তার দুজনই পেশায় শিক্ষক। থাকেন সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর কেশবপুর ওয়ার্ডে। আফরিন ইলিয়াছ নামের তাঁদের একটি মেয়ে সন্তানও আছে। আফরিনের বয়স ৫ বছর। সে-ও মা-বাবার সঙ্গে হাসপাতালে থাকছে।
মো. ইলিয়াছ বলেন, তাঁদের গ্রাম চট্টগ্রাম নগর থেকে খুব বেশি দূরে নয়। অথচ এলাকায় মশা মারতে স্প্রে করতে দেখেননি। প্রতিবেশী অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
ইলিয়াছের কথার সত্যতা পাওয়া যায় আরেক বাবা শফিউল আজমের কথায়। তাঁর ৫ বছর বয়সী সন্তান ইয়ামুল আজমকে হাসপাতালে নিয়ে এসেছেন। চার দিন ধরে আছেন চট্টগ্রামের মা ও শিশু জেনারেল হাসপাতালে। তাঁর বাড়ি সীতাকুণ্ড উপজেলার ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নে।
শফিউল আজম প্রথম আলোক বলেন, ‘এলাকায় কখনো মশকনিধন কর্মসূচি পালন করতে দেখিনি। মেম্বার, চেয়ারম্যান সবাই ঘুমে আছেন। এ কারণে সীতাকুণ্ড থেকে অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।’
আফনানের মতো এমন আরও ৩৩ শিশু মা ও শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালে মোট ভর্তি ৮৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৯ জন ১৮ বছরের ঊর্ধ্বে। গত বুধবার ভর্তি হয়েছে ২২ জন।
হাসপাতালে কথা হয় মো. সেলিমের সঙ্গে। তিনি পেশায় দিনমজুর। চার দিন ধরে কোনো কাজ করতে পারছেন না। কারণ, তাঁর একমাত্র মেয়ে আফরা জাহান (২) ডেঙ্গু আক্রান্ত। সেলিম বলেন, কাজ না করলে পেট চলে না। গত চার দিনে বন্ধুর কাছ থেকে ৮ হাজার টাকা ধার করেছেন। হাসপাতালে থাকা, খাওয়া, ওষুধের পেছনে এ টাকা খরচ হয়েছে। তবে চিকিৎসক বলেছেন, চিন্তার কিছু নেই। মেয়ের অবস্থা ভালোর দিকে।
চট্টগ্রাম নগরের ফিরোজশাহ এলাকার বাসিন্দা মেহেরুন্নেসা হাসপাতালে আসেন গত সোমবার। তাঁর মেয়ে জান্নাতুল মরিয়মের (৬) ডেঙ্গু ধরা পড়ে সেদিন। মেহেরুন্নেসা বলেন, মেয়ের অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। এখন সে কথা বলছে। দুর্বলতাও কেটেছে অনেকটা।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৭। মারা গেছেন ২৭ জন।
সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী এখনো বাড়তির দিকে। আগামী দু-তিন মাস ডেঙ্গুর মৌসুম। তাই সবাইকে সচেতন থাকতে হবে। শিশুদের নিরাপদে রাখতে হবে। মশারি ব্যবহার করতে হবে।