আরও দুই মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগের এক দিন পর আজ মঙ্গলবার আরও দুই দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে দুই দিনে মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি এতদিন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এটিও সচিব পদমর্যাদার পদ।

এতদিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসা খ ম কবিরুল ইসলাম ১৪ আগস্ট অবসরোত্তর ছুটিতে গেলে পদটি শূন্য হয়।

অন্যদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ার হোসেন। তাঁকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গতকাল সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেনকে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে বদলি করার পর পদটি শূন্য হয়।