হাসপাতালে ভর্তির তিন দিনে মারা গেছেন ৫৭ ডেঙ্গু রোগী

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীরা
ফাইল ছবি: প্রথম আলো

চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির প্রথম দিন মারা গেছেন ১৭ জন। আর ৫৭ জনই মারা গেছেন হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিনের মধ্যে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এ তথ্য দেখা গেছে।

চিকিৎসকেরা বলছেন, দেরিতে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং হাসপাতালে ভর্তি হওয়ার কারণে অনেকের জটিলতা বেশি হয়েছে। এ কারণে ঝুঁকিতে পড়েছেন অনেক রোগী।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গতকাল বুধবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ হাজার ৫৬৩ জন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মারা যাওয়া ৮২ জনের মধ্যে ৩০ শিশু ও ২৬ নারী।

চিকিৎসকদের মতে, যে রোগীরা আগে থেকেই হাঁপানি, শ্বাসকষ্ট, রক্তরোগ, ডায়াবেটিসসহ অন্যান্য রোগে ভুগছেন, তাঁরা ডেঙ্গুতে আক্রান্ত হলে জটিলতা দেখা দিতে পারে। তবে প্রথম থেকে সঠিক চিকিৎসা নিলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ডেঙ্গুর ব্যবস্থাপনা কঠিন নয়। সচেতন হয়ে প্রচুর তরল খাবার খেতে হবে। শরীরে তরলের পরিমাণ বাড়াতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জটিলতা বাড়লে হাসপাতালে ভর্তি হতে হবে। তখন শরীরে তরলের ঘাটতি দূর করতে হবে।

ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পঞ্চম বা ষষ্ঠ দিনে শারীরিক পরিস্থিতি কিছুটা জটিল হওয়ার ঝুঁকি থাকে। এর আগে থেকেই সাবধান হলে জটিলতা এড়ানো যায় বলে জানান চিকিৎসকেরা।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রথম আলোকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর অনেকে অবহেলা করেন। ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়ে নেন। শারীরিক অবস্থা জটিল হয়ে যাওয়ার পর চিকিৎসকের কাছে যান। দেরিতে হাসপাতালে যান। ফলে ঝুঁকি তৈরি হয়। মৃত্যুঝুঁকি বাড়ে।

চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৮ জন মারা যান গত আগস্টে। ওই মাসে আক্রান্ত হন ৩ হাজার ১১ জন। আর সেপ্টেম্বরে মোট আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন। মৃত্যু হয় ২১ জনের।

গত বছরের তুলনায় এ বছর চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ দ্বিগুণের বেশি। গত বছর আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে পাঁচ হাজার। আর ডেঙ্গুতে মারা যান ৪১ জন।