এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষা

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা

ফরমের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার (সাপ্লিমেন্টারি পরীক্ষা) জন্য ফরম পূরণের কাজ চলছে। কিন্তু অভিযোগ উঠেছে এই ফরমের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।

এ অবস্থায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি  বলেছে, পরীক্ষার ফরম পূরণের নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও  প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ৫ নভেম্বর জারি করা এক নোটিশে এই হুঁশিয়ারি দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আগামী ১ ডিসেম্বর শুরু হবে এই ‘সাপ্লিমেন্টারি’ পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হচ্ছে।

এ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ৫ নভেম্বর। চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর। ফরম পূরণ ফি তত্ত্বীয় প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ১২৫ টাকা এবং ব্যবহারিক প্রতিটি পত্র বা বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র ফি ৪৫০ টাকা।

বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে তাঁকে এক বছর পর, অর্থাৎ পরের বছরের পরীক্ষায় আবার বসতে হয়। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু একটি বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে একজন শিক্ষার্থীকে দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হয়।

এবার এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবার এক ও দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থী ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী।