
রংপুর নগরের তাজহাট আনসারির মোড় এলাকায় একটি রিকশার গ্যারেজ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গ্যারেজের শাটারের তালা কেটে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৫৫)। তিনি ওই গ্যারেজের মালিক। তিনি গ্যারেজেই থাকতেন। তাঁর মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
স্থানীয় ব্যক্তিরা জানান, আবদুর রহমান ওই গ্যারেজে থাকতেন এবং রিকশাগুলোর দেখাশোনা করতেন। প্রায় দুই বছর আগে তাঁর এক স্ত্রী মারা যান। স্থানীয় লোকজনের ভাষ্য, তাঁর পাঁচ স্ত্রী ছিলেন। প্রথম দুই স্ত্রীর চার সন্তান। সন্তানেরা আলাদা থাকেন। পরে তিনি আরও তিনটি বিয়ে করেন। এ নিয়ে পারিবারিক বিরোধ ছিল বলেও স্থানীয় মানুষদের কেউ কেউ জানিয়েছেন।
আবদুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল বলেন, ‘কাকে সন্দেহ করব, তা বুঝতে পারছি না। আমরা মামলা করব।’
গ্যারেজসংলগ্ন বাসিন্দা হিরু মিয়া বলেন, রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় তিনি গ্যারেজের শাটার নামানো দেখেছেন। রাতে কোনো অস্বাভাবিক শব্দও শোনেননি। সকালে চিৎকার শুনে বাইরে এসে লোকজনের ভিড় দেখতে পান। পরে শাটারের ফাঁক দিয়ে ভেতরে রক্তাক্ত অবস্থায় আবদুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহ পরীক্ষা করে মাথার পেছনে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শক্ত লোহার কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়ে থাকতে পারে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর কারণ কী, তা বের করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।