
তারুণ্যের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং পরিবেশসচেতনতাকে এক মঞ্চে নিয়ে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’। ব্র্যাক ইউনিভার্সিটির আউটরিচ টিমের আয়োজনে চার দিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার। ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
এই আয়োজনের সহযোগী ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং ইয়ুথ ফর আ গ্রিন আর্থ (ওয়াইজিই)। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক এসিআই মোটরস এবং ডিজিটাল পার্টনার প্রথম আলো ডটকম।
আয়োজকেরা জানান, পাঁচটি বিষয়কে কেন্দ্র করে উৎসবটি সাজানো হয়েছে। বিষয়গুলো হলো বিজ্ঞান, সৃজনশীলতা, উদ্ভাবন, গণমাধ্যম ও পরিবেশগত প্রভাব। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ১২টি বিভাগে অংশ নেওয়ার সুযোগ থাকছে।
প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই সমাধান প্রদর্শনের জন্য ‘এনভায়রনমেন্টাল প্রজেক্ট ডিসপ্লে’, জলবায়ুবিজ্ঞান ও পরিবেশবিষয়ক জ্ঞান যাচাইয়ের ‘ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড’ এবং বাস্তব পরিবেশগত সমস্যার সমাধান খোঁজার দলীয় প্রতিযোগিতা ‘ইকো ডিকোড: প্রবলেম-সলভিং চ্যালেঞ্জ’।
লেখালেখি ও গবেষণাভিত্তিক বিভাগগুলোর মধ্যে রয়েছে পরিবেশবিষয়ক প্রবন্ধ ও মতামত লেখার প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রতিযোগিতা ‘গ্রিন জার্নালিজম’, পরিবেশবিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা ‘ক্লাইমেট ওরেটরি’ এবং প্রকৃতির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে চিঠি লেখার প্রতিযোগিতা ‘আ লেটার টু নেচার’।
সৃজনশীল বিভাগগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভবিষ্যতের জলবায়ু বাস্তবতা তুলে ধরা ‘এআই আর্ট: ক্লাইমেট ফিউচারস’, পরিবেশ সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা ‘এনভায়রনমেন্টাল রিল’, পরিবেশ সচেতনতামূলক ভিজ্যুয়াল ক্যাম্পেইন তৈরির প্রতিযোগিতা ‘পোস্টার ডিজাইন’ এবং গবেষণা, নকশা ও গল্প বলার সমন্বয়ে দেয়ালপত্রিকা প্রদর্শনী ‘ওয়াল ম্যাগাজিন এক্সিবিশন’।
এ ছাড়া প্রকৃতি, জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের গল্প ক্যামেরায় ধারণের জন্য ‘নেচার অ্যান্ড ক্লাইমেট ফটোগ্রাফি’ প্রতিযোগিতাও থাকছে।
এবারের আয়োজনে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে প্রায় তিন হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন এবং বিভিন্ন বিভাগে সাড়ে তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং ৫৩টি প্রতিষ্ঠানের ৮৮টি ক্লাবের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫০ জন বিভাগীয় প্রতিনিধি যুক্ত হয়েছেন। ফলে ‘গ্রিন জেনেসিস ২০২৬’ ইতিমধ্যে একটি জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।