কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর মরদেহ শুক্রবার ঢাকায় আসবে

কানাডার টরেন্টোর হাইওয়ে ৪২৭–এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়
ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁদের মধ্যে একজনের মরদেহ ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে। যেকোনো প্রয়োজনে টরন্টোতে অবস্থিত হাইকমিশন ও কনস্যুলেটের সঙ্গে ছুটির দিনেও যোগাযোগ করা যাবে বলে শিক্ষার্থীদের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে।

আজ শনিবার কানাডায় বাংলাদেশ হাইকমিশন বলেছে, টরন্টোর দুটি ফিউনারেল হোমের (শেষকৃত্যের ঘর) সঙ্গেও যোগাযোগ রাখছে টরন্টো কনস্যুলেট। ফিউনারেল হোমগুলো শিক্ষার্থীদের মরদেহ পরিবহনের জন্য ডেথ সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা করছে।

টরন্টোতে গত সোমবার রাতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল এবং তাঁর উন্নতি হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে হাইকমিশনারকে জানানো হয়েছে।

এদিকে নিহত তিন শিক্ষার্থীর পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে টরন্টোর হাইকমিশন ও কনস্যুলেট নিহত শিক্ষার্থীদের মরদেহ পরিবহনে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। প্রয়োজন হলে টরন্টোতে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের স্টেশন ম্যানেজারদের বিষয়টি সহজ করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। এ ছাড়া টরন্টোতে আসতে ইচ্ছুক পরিবারের সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের ব্যবস্থা করতেও এয়ারলাইনসের স্টেশন ম্যানেজারদের পরামর্শ দেওয়া হয়েছে।

টরন্টো বাংলাদেশ কনস্যুলেট ও হাইকমিশন নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহত শিক্ষার্থীর দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেছে।