বদলানো হচ্ছে নিয়ম। প্রতিবছর এনবিআরের কাছে আয়কর রিটার্ন জমা দিলে নিজ দপ্তরে জমা দিতে হবে না।
পাঁচ বছর পরপর নিজ দপ্তরের মাধ্যমে সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী জমার নিয়ম।
একাধিকবার চিঠি দেওয়ার পরও তেমন সাড়া পাওয়া যায়নি।
দেশে মোট সরকারি কর্মকর্তা-কর্মচারী ১৫ লাখের বেশি।
বারবার চিঠি দেওয়ার পরও অধিকাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী সম্পদ বিবরণী নিজ মন্ত্রণালয়ে জমা দিচ্ছেন না। প্রতি পাঁচ বছর পর এ বিবরণী দাখিল করার কথা। দুর্নীতি রোধ এবং চাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এমন নিয়ম যুক্ত করা হয়েছিল।
কিন্তু সরকারি কর্মকর্তাদের অধিকাংশই এ নিয়মকে পাত্তা দেন না। কারণ, সম্পদের বিবরণী জমা না দিলে কখনো কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও এ বিষয়ে জোরালো তৎপরতা দেখায় না।
এ রকম অবস্থায় বদলে ফেলা হচ্ছে পাঁচ বছর পরপর সম্পদ বিবরণী জমা দেওয়ার নিয়মটিই। এ জন্য আচরণ বিধিমালা সংশোধন করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন নিয়মটি কার্যকর হলে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রতি বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আয়কর রিটার্ন জমা দেবেন, তাঁদের পাঁচ বছর পরপর সম্পদ হ্রাস-বৃদ্ধির বিবরণী জমা দিতে হবে না। তবে যাঁরা আয়কর রিটার্ন জমা দেন না বা দিতে হয় না, তাঁদের পাঁচ বছর পরপর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী জমা দিতে হবে। এ ছাড়া প্রয়োজন হলে সরকার যেকোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী চাইতে পারবে বা এনবিআর থেকে সংগ্রহ করতে পারবে।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা সংশোধন করে এমন প্রস্তাব করা হয়েছে। এটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যাচাইয়ের (ভেটিং) জন্য। যদি সেখান থেকে ইতিবাচক মতামত পাওয়া যায়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, বর্তমানে দেশে মোট সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন ১৫ লাখের বেশি।
বর্তমান আচরণ বিধিমালার নিয়মানুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বা অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর পরপর সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দিতে হয়।
কিন্তু বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাকরিতে প্রবেশের সময় সম্পত্তির তথ্য দিলেও পরে সম্পদের হ্রাস-বৃদ্ধির বিবরণী জমার বিষয়টিতে কেউ আর গুরুত্ব দেন না। তবে নিয়ম থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় ‘নিয়ম রক্ষার জন্য’ মাঝেমধ্যে চিঠি দিয়ে সম্পদের হ্রাস–বৃদ্ধির বিবরণী জমা দিতে বলে। কিন্তু গত কয়েক মাসে একাধিকবার চিঠি দেওয়ার পরও তেমন সাড়া পাওয়া যায়নি।
সর্বশেষ, জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব সচিবকে অনুরোধ করে চিঠি দিয়েছিল। এতে স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রয়ের বিষয়ে আচরণ বিধিমালা (ধারা ১১, ১২ এবং ১৩) অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়।
কিন্তু গত কয়েক দিনে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, অধিকাংশ কর্মকর্তাই সম্পদের বিবরণী জমা দেননি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আসলে অধিকাংশ কর্মকর্তাই তা দেননি।
তবে বিচ্ছিন্নভাবে কেউ কেউ জমা দেন। যেমন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন তিনি জমা দিয়েছেন, সেটি মূলত তাঁর আয়কর বিবরণীর তথ্য। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই চিঠি পাওয়ার পর তাঁরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছিলেন। কিন্তু কেউ খুব একটা আগ্রহ দেখাননি।
নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কর্মকর্তারা সবাই প্রতিবছর আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। ১৯৭৯ সালে যখন পাঁচ বছর পরপর সম্পদ বিবরণী জমা দেওয়ার নিয়মটি করা হয়েছিল, তখন প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম বাধ্যতামূলক ছিল না। এখন প্রতিবছর আয়কর রিটার্ন জমা দিতে হয়। তাই পাঁচ বছর পরপর একই ধরনের তথ্য জমা দেওয়া কতটা যুক্তিসংগত, সেটিও প্রশ্নসাপেক্ষ।
আর হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর সম্পদ বিবরণী জমা নিয়ে তথ্যভান্ডার করা এবং এগুলো যাচাই-বাছাই করাও মন্ত্রণালয়গুলোর জন্য কঠিন কাজ হবে। এ ধরনের কাজের জন্য দক্ষ হলো এনবিআর। আর একটু নজর দিলেই বোঝা যায় কোন কর্মকর্তা দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই কারও বিষয়ে সন্দেহ হলে, তাঁর সম্পদের বিবরণী চেয়ে ব্যবস্থা নিলেই হয়।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মনে করেন, এখন যেহেতু প্রতিবছরই আয়কর বিবরণীতে সম্পদের তথ্য দেওয়া হচ্ছে, সুতরাং পাঁচ বছর পরপর সেটি আবার সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়াটা অত গুরুত্বপূর্ণ নয়।
তিনি প্রথম আলোকে বলেন, এনবিআর তো সরকারেরই প্রতিষ্ঠান। সুতরাং কারও বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনবিআরের কাছ থেকেও সম্পদের বিবরণীর একটি অনুলিপি এনে সেটির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।