
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেতকে সরকার বলেছে, বাংলাদেশে তিন কারণে মানুষ ‘নিখোঁজ’ হয়। প্রথমত, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে জড়িত হওয়ার পর শাস্তি থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, কেউ ব্যবসায় লোকসান করলে। তৃতীয়ত, পারিবারিক কারণে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে রোববার বিকেলে সচিবালয়ে দেখা করেন মিশেল ব্যাশেলেত। তখন তাঁর সামনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিডিও উপস্থাপনায় ওই তিন কারণ তুলে ধরা হয়।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘তাঁরা ‘মিসিং’ (নিখোঁজ) বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। আমরা স্পষ্ট বলেছি, যারা ক্রাইম (অপরাধ) করেছিল, ট্রায়াল ফেস (বিচারের মুখোমুখি) করার ভয়ে তারা পালিয়ে গেছে।’
মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ করলে যে ছাড় দেওয়া হয় না, সেটিও ভিডিও উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার পার্বত্য চট্টগ্রাম নিয়েও অনেক প্রশ্ন করেছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, গুমের শিকার ৭৬ জনের বিষয়ে জানতে চেয়েছেন মিশেল ব্যাশেলেত। আলোচনায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং কমিটি গুমের শিকার যে ৭৬ জনের তালিকা দিয়েছে, তাঁদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। নাম সানাইমা রাজকুমান। তিনি ভারতে কারাগারে ছিলেন, ২০১৯ সালের ৯ নভেম্বর তিনি মুক্ত হন। এই ভারতীয়সহ গুমের অভিযোগ আনা ১০ জন তাঁদের বাড়িতেই আছেন। বাকি ৬৬ জনের মধ্যে ১০ জনকে খুঁজে পেতে পুলিশ সহযোগিতা করতে চাইলেও তাঁদের স্বজনদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। আর বাকি ৫৬ জনের ২৮ জনের বিরুদ্ধে ১ থেকে ১৩টি মামলা রয়েছে। তাঁরা সবাই পলাতক। বাকি ২৮টি মামলার তদন্ত চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সামনে তিনটি ভিডিও উপস্থাপনা তুলে ধরা হয়। এসব ভিডিওতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগ, সাধারণ মানুষ ও পুলিশের ওপর হামলা, মামলার বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া ২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের হামলার বিষয়টি তুলে ধরা হয়। হেফাজতের সমাবেশকে ঘিরে নিহত ও নিখোঁজ হওয়ার যে তথ্য মানবাধিকার সংগঠন অধিকার তুলে ধরেছে, সেটি যে সঠিক নয়, তা ভিডিও উপস্থাপনায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অধিকারের দেওয়া নিখোঁজ তালিকাকে চ্যালেঞ্জ করে সত্য বের করে এনেছে বলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে জানানো হয়।
বৈঠক সূত্র জানায়, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নিবন্ধন নবায়ন না করার বিষয়েও জানতে চেয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এনজিও ব্যুরোতে বৈদেশিক অনুদানের তথ্য না দেওয়াসহ নানা অভিযোগ ছিল অধিকারের বিরুদ্ধে। মন্ত্রণালয় বলেছে, অধিকার নিবন্ধন নবায়নের আবেদন করেনি।
দেশে যদি গুমের ঘটনা না–ই ঘটে থাকে, তাহলে গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দিতে স্বজনেরা বছরের পর বছর সরকারের কাছে কেন দাবি জানাবেন, গুম দিবসই বা কেন পালন করা হবে—এ বিষয়ে করা প্রশ্নের জবাবে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি উদ্দেশ্য নিয়ে এসব করা হয়। যাঁরা এসব দিবস পালন করেন, তাঁরা জানেন নিখোঁজ ব্যক্তিরা কোথায় আত্মগোপন করে থাকেন। কেউ যদি ইচ্ছা করে গুম হয়, তাকে বের করতে যথেষ্ট সময় লাগে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কাউকে আটক করে, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে হাজির করা হয়।
তবে গুম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন মানবাধিকারকর্মীরা। একই কথা বলেছে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’।
মানবাধিকারকর্মী নূর খান প্রথম আলোকে বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারকে সরকারের পক্ষ থেকে গুম বিষয়ে যা বলা হয়েছে, সেটি হাস্যকর বক্তব্য। এর মধ্য দিয়ে সরকার প্রকৃত সত্য আড়াল করতে চাইছে, বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। গত প্রায় ১৫ বছরে দেশে পাঁচ শতাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছেন, যাঁদের অনেকে আবার ফিরে এসেছেন। আবার ফিরে আসা ব্যক্তিদের অনেকের লাশ পাওয়া গেছে। আর যাঁরা জীবিত ফিরে এসেছেন, তাঁরা যে বর্ণনা দিয়েছেন, তাতে এটি সন্দেহ করার যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে যে এসব গুমের ঘটনায় প্রশিক্ষিত কোনো না কোনো বাহিনী জড়িত। এ ছাড়া অনেককে তুলে নেওয়ার সময় প্রত্যক্ষদর্শীদের যে বিবরণ পাওয়া যায়, তাতে এটি বুঝতে অসুবিধা হয় না যে ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত।
প্রতিটি গুমের ঘটনার তদন্ত হওয়া দরকার বলে মনে করেন মানবাধিকারকর্মী নূর খান। তিনি বলেন, একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে এসব ঘটনা পর্যালোচনা করা রাষ্ট্রের দায়িত্ব।