জাপানে ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
জাপানে ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফর শেষে গতকাল রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন, তাঁদের উৎসাহ দেন।

এ ছাড়া সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এই সফরকালে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের উচ্চ পর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গত বুধবার চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছিলেন।