সমাবেশে বক্তারা

ফিলিস্তিন সংঘাত নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দ্বিচারিতা

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় প্রেসক্লাবের বাইরে, ১২ অক্টোবর
 ছবি: ছবি: শুভ্র কান্তি দাশ

ইসরায়েলে হামাস যে আকস্মিক অভিযান চালিয়েছে, তা ফিলিস্তিনিদের আত্মরক্ষার অভিযান। এ অভিযানকে অজুহাত হিসেবে নিয়ে ইসরায়েল ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে। আর ফিলিস্তিন-ইসরায়েলের এই সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তা দ্বিচারিতা।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে দেশের বাম ধারার রাজনীতিবিদদের একটি অংশ এসব কথা বলে। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন। ফিলিস্তিনের জন্য বাংলাদেশ সরকারকে জরুরি সাহায্য পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের অস্তিত্বের লড়াইকে ত্বরান্বিত করার জন্য সবাইকে আহ্বান জানাই।

৮ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দেয়। নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সংঘাত বন্ধে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, সংলাপ ও কূটনীতিই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান ঘটাতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিকে ‘দ্বিচারিতা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। দ্বিচারিতার জায়গা নেই উল্লেখ করে এই সমাবেশে তিনি বলেন, আমাদের সরকার সব সময় ফিলিস্তিনিদের পক্ষে। প্রধানমন্ত্রী যখন ফিলিস্তিনি শিশুহত্যার বিরুদ্ধে সব সময় সোচ্চার, তখন এ ঘটনার ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে, তা দ্বিধান্বিত বিবৃতি। এই দ্বিধান্বিত সমর্থনের কোনো জায়গা নেই।

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শান্তি পরিষদ। জাতীয় প্রেসক্লাবের বাইরে, ১২ অক্টোবর

ফিলিস্তিনিদের জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর দাবি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, স্বাধীন ফিলিস্তিন ছাড়া এই সমস্যার সমাধান হবে না।

ইসরায়েলের ওপর যে আকস্মিক আক্রমণ করা হয়েছে, সেটা ফিলিস্তিনিদের আত্মরক্ষার অভিযান বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, তাঁরা মাতৃভূমি রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য দখলদারদের বিরুদ্ধে লড়াই করছেন।

ফিলিস্তিনে হামলা ও নারী-শিশু নির্যাতন বন্ধ এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আক্রমণকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী। তারা ফিলিস্তিনের নারী ও শিশুদের ওপরও আক্রমণ করছে।

ফিলিস্তিনের ওপর গণহত্যা চালানো হচ্ছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ বলা হলেও তাঁরা আসলে আত্মরক্ষার জন্য যুদ্ধ করছেন। যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য যুদ্ধ প্রয়োজন বলে মনে করেন অর্থনীতির এই অধ্যাপক। তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধ শেষ হয়ে গেলে তার পরবর্তী যুদ্ধ ফিলিস্তিনি যুদ্ধ। সেটিও শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে প্রক্সি যুদ্ধ মিয়ানমারকে ঘিরেও তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র। এসব যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো দরকার বলেও মনে করেন তিনি।

এ সময় আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সভাপতি শাহাদাত হোসেন, অধ্যাপক মাহফুজা খানম, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।