
বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সহায়তা সেবার ক্ষেত্রে নীতিগত অঙ্গীকার ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান রয়েছে। এ ব্যবধান কমাতে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন সমাজ উন্নয়নকর্মীরা। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি ও শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অধিকার নিয়ে আয়োজিত এক জাতীয় নীতিসহায়তা সেমিনারে তাঁরা এ কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ। এতে সহযোগী হিসেবে ছিল ‘ইন্টারঅ্যাক্ট’।
শ্রবণপ্রতিবন্ধী শিশুদের সামনে থাকা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রয়োজনীয় সেবা পাওয়ার বাস্তবসম্মত উপায় খুঁজে বের করা। বিভিন্ন খাতের প্রায় ৪০ জন উন্নয়ন সহযোগী ও অংশীজন এতে অংশ নেন।
সেমিনারে ‘ক্যান ইউ হিয়ার মি?’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ উন্নয়নবিশেষজ্ঞ টনি মাইকেল গোমেজ। তিনি দেশের শ্রবণপ্রতিবন্ধী শিশুদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় জাতীয় প্রতিবন্ধিতাবিষয়ক নীতি ও তার বাস্তবায়নের মধ্যকার ব্যবধানের কথা উঠে আসে। প্রতিবন্ধীদের জন্য মানসম্মত শিক্ষা, প্রাথমিক পদক্ষেপ ও অন্যান্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ ব্যবধান দীর্ঘদিনের।
টনি মাইকেল গোমেজ বলেন, ধারণা করা হয়, দেশে ০ থেকে ১৭ বছর বয়সী ৬৫ হাজার থেকে ১ লাখের বেশি শিশু শ্রবণপ্রতিবন্ধী। অথচ তাদের জন্য বিশেষায়িত শিক্ষার অবকাঠামো অত্যন্ত সীমিত। প্রতিবন্ধীদের জন্য সরকার পরিচালিত বিশেষায়িত স্কুল আছে মাত্র আটটি। বেসরকারি সংস্থা (এনজিও) পরিচালিত স্কুল ১২টি। বিশেষ সহায়তা প্রয়োজন, এমন শিশুর সংখ্যার তুলনায় এ সুবিধা অনেক কম। ফলে হাজার হাজার শিশু তাদের বোধগম্য ভাষায় মানসম্মত শিক্ষা পাওয়ার খুব পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না।
টনি মাইকেল গোমেজ আরও বলেন, সময়মতো সহায়তা ও উপযুক্ত শিখন পরিবেশ না পেলে এসব শিশু ঝুঁকিতে পড়বে। তারা শিক্ষা ও বৃহত্তর সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বাদ পড়তে পারে।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন আবদুন নূর তুষার। তিনি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সরকারকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শ্রবণপ্রতিবন্ধী শিশুদের চাহিদা ও সরকারি সেবার মধ্যকার ব্যবধান গুরুতর উদ্বেগের বিষয়। এ বিষয়ে সরকারের অবিলম্বে মনোযোগ দেওয়া দরকার। আবদুন নূর তুষারের মতে, এসব শিশুর সমান সুযোগ পাওয়ার অধিকার আছে। তারা শিখবে, নিজেদের সক্ষমতা বিকশিত করবে এবং সমাজে পরিপূর্ণভাবে অংশ নেবে। পর্যাপ্ত সহায়তা না পেয়ে তারা পরিবার ও দেশের জন্য বাড়তি বোঝা হয়ে উঠুক, এটা কাম্য নয়।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড কনসার্নের কান্ট্রি ডিরেক্টর সিলভেস্টার মাইকেল মধু। তিনি সরকার, বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার মধ্যে আরও জোরালো অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় উদ্যোগে সহায়তায় ওয়ার্ল্ড কনসার্ন ভূমিকা রাখতে পারে। এ খাতে সংস্থাটির দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। বরিশাল ও সাভারে তারা বিশেষায়িত স্কুল চালায়।
সেমিনারে শ্রবণপ্রতিবন্ধী স্নাতক শিক্ষার্থী এবং একজন অভিভাবক উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের বক্তব্যের মাধ্যমে শিক্ষা ও দৈনন্দিন জীবনে প্রতিবন্ধীরা কী ধরনের বাধার মুখে পড়েছেন, তা সরাসরি জানতে পারেন অংশগ্রহণকারীরা। প্রতিবন্ধী শিশু ও তরুণদের জীবনে প্রভাব ফেলে, এমন নীতি ও কর্মসূচি প্রণয়নের সময় তাদের কথা শোনা যে জরুরি, সেটাও আলোচনায় জোরালোভাবে উঠে আসে।
উন্নয়ন সংস্থা ও বিভিন্ন খাতের কর্মসূচির প্রতিনিধিরা সেমিনারে মতামত ও সুপারিশ তুলে ধরেন। তাঁদের আলোচনায় একটি অভিন্ন উদ্বেগ উঠে আসে। সেটি হলো, প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ নীতিগত অঙ্গীকার করেছে ঠিকই, কিন্তু বাস্তবায়ন, সম্পদ বণ্টন ও সেবা পাওয়ার সুযোগ প্রয়োজনের তুলনায় অনেক পিছিয়ে আছে।
নীতিগত অঙ্গীকারের গণ্ডি পেরিয়ে সরকার ও উন্নয়ন সহযোগীদের এসব অঙ্গীকার বাস্তব পদক্ষেপ, পর্যাপ্ত বিনিয়োগ ও সহজলভ্য সেবায় রূপ দেওয়াই ছিল সেমিনারের মূল বার্তা। সেমিনার শেষে সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা, উন্নয়ন সংস্থা ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা দেশের বধির ও শ্রবণপ্রতিবন্ধী শিশুরা যেন শিখতে, যোগাযোগ করতে ও নিজেদের সম্ভাবনা বিকশিত করতে পারে, সে লক্ষ্যে সবার সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।