জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা

আনন্দ–উচ্ছ্বাসে দেশ গড়ার সংকল্প 

ঢাকা বিভাগের জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রথম দিনে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলছেন অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। গতকাল আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে
ছবি: খালেদ সরকার

সূর্য উঠলেও কুয়াশার ঘোর তখনো কাটেনি। ঘুমের জড়তা ভেঙে কর্মমুখরতা ছড়িয়ে পড়েনি রাজধানীর বুকে। কিন্তু মহানগরীর উত্তর প্রান্তে আশুলিয়ার বিনোদনকেন্দ্র ফ্যান্টাসি কিংডমে ছড়িয়ে পড়েছে এক আনন্দময় প্রাণচাঞ্চল্য। হাজার হাজার কৃতী শিক্ষার্থীর উচ্ছ্বসিত সমাগমে শীতের আড়মোড়া ভেঙে নবীন প্রাণের অমিত শক্তিতে জেগে ওঠে কল্পরাজ্যের এই রাজধানী। গতকাল সোমবার প্রভাতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে প্রথম আলো এই আনন্দ উৎসবের আয়োজন করা হয় শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায়।

গানের সুর, বন্ধুদের সঙ্গে ছবি তোলা, লাইন দিয়ে রাইডে ওঠা আর আড্ডা দিয়ে বেলা কেটেছে শিক্ষার্থীদের। আনন্দ উপভোগের সঙ্গে মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলেছে তারা। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নেওয়ারও সংকল্প করেছে কৃতী শিক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ নামের এই আয়োজন এবার শুরু হয়েছে ১৬ জানুয়ারি চট্টগ্রাম থেকে। সারা দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীতে গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঢাকা বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা। ঢাকায় সংবর্ধনা দেওয়া হচ্ছে ১৮ হাজার শিক্ষার্থীকে। গতকাল প্রথম দিনে সংবর্ধনায় অংশ নিয়েছে প্রায় আট হাজার শিক্ষার্থী।

এবার সারা দেশে প্রায় ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে থেকে সংবর্ধনার জন্য নিবন্ধন করেছে এক লক্ষাধিক শিক্ষার্থী। প্রথম আলো তার যাত্রার শুরু থেকেই নতুন প্রজন্মের কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে তাদের সংবর্ধনা দিয়ে আসছে। ১৯৯৯ সালে শুরু হয়েছিল মেধাতালিকায় সেরাদের সংবর্ধনা দেওয়া। জিপিএ পদ্ধতি শুরু হওয়ার পর ২০০১ সাল থেকে চলছে সারা দেশে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এই বিপুল আয়োজন। এবার সংবর্ধনার এই আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, কনকর্ড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। চিকিৎসাসহায়তা দিয়েছে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

প্রাণবন্ত আয়োজন

সকাল সাতটায় ফার্মগেট থেকে নিজেদের গাড়িতে করে ফ্যান্টাসি কিংডমের দিকে রওনা দিয়েছিল সাইরা আলী ও তার মা সেলিনা আক্তার। তেজগাঁ গার্লস স্কুল থেকে বিজ্ঞানে এসএসসি পাস করে ভর্তি হয়েছে সিটি কলেজে। সাইরা জানাল, প্রায় দেড় ঘণ্টা লেগেছে পৌঁছাতে। এসে মা-মেয়ে দুজনই দারুণ উচ্ছ্বসিত। তার বন্ধু তনুজা ঢালী আর তাসফিয়া কামরুনও এসেছে এখানে।

উৎসব মঞ্চের অনুষ্ঠান হয় বেলা একটার পর। তবে আনন্দ উৎসব শুরু সকাল আটটা থেকেই। 

ফ্যান্টাসি কিংডমের প্রবেশপথের পাশের খোলা জায়গায় এক সারি বুথ। সেখানে আগে থেকে করা নিবন্ধনপত্রটি দেখিয়ে প্রবেশের কুপন নিয়ে ভেতরে প্রবেশ করছিল শিক্ষার্থীরা। অভিভাবকেরা অবশ্য কাউন্টার থেকেই টিকিট কেটে প্রবেশ করছিলেন। মেয়ে নাজিয়া হাসানকে নিয়ে এসেছেন নূরুল হাসান। তিনি পুলিশ কর্মকর্তা, ঢাকাতেই কর্মরত। নাজিয়া ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে বিজ্ঞানে পাস করেছে। তার ইচ্ছা চিকিৎসক হবে। নূরুল হাসান বললেন, মেয়েকে নিয়ে আসার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন। প্রথম আলোর এই আয়োজনটি তার কাছে খুব ভালো মনে হয়েছে। সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাপনা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলেই তিনি মনে করেন।

 ফ্যান্টাসি কিংডমের ভেতরে ছিল কৃতী শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের সমাগমে প্রাণবন্ত পরিবেশ। ঋতুর দিনগণনায় বসন্ত না এলেও পলাশ ফুলে ফুলে ভরে গেছে ভেতরে ঐতিহ্য চত্বর। তার তলা দিয়ে শিক্ষার্থীরা সার দিয়ে এগিয়ে যাচ্ছিল সনদ আর খাবার সংগ্রহের জন্য। এখানেই কথা হলো লতিফা বেগমের সঙ্গে। মেয়ে সিদরাতুল মুনতাহাকে নিয়ে এসেছেন তিনি। বাসা শান্তিবাগ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল ও কলেজে বিজ্ঞানের শিক্ষার্থী মুনতাহা। তার ইচ্ছা বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডারে যাবে। মুনতাহার মা জানালেন, এবার তার শেষবারের মতো এই অনুষ্ঠানে আসা। এর আগে ২০০৮ সালে এসেছিলেন মুনতাহার বড় দুই যমজ বোন মৌ আর মিষ্টিকে নিয়ে। ওরা ভিকারুননিসা নূন স্কুলে পড়ত। মৌ চিকিৎসক হয়ে এখন কানাডাপ্রবাসী আর মিষ্টি বিবিএ পাস করে লন্ডনপ্রবাসী। এই উৎসব খুব ভালো লাগে, তাই ছোট মেয়েকে নিয়ে চলে এসেছেন। 

ঐতিহ্য চত্বরের পাশেই প্রথম আলো পত্রিকা ও ম্যাগাজিনের বুথ। সেখান থেকে বিশেষ প্যাকেজে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা—এই দুটি ম্যাগাজিন দেওয়া হয় ছয় মাস ও এক বছরের জন্য। এ ছাড়া প্রথমার স্টলে এই আয়োজন উপলক্ষে সব বইতে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।

আলোচনা, সংগীতের জমকালো আসর

দুপুরের খাবারের পর সংবর্ধনা মঞ্চে শুরু হয়েছিল আলোচনা আর সংগীতের জমকালো আয়োজনে। সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক সুমনা শারমীন। তাঁর সহযোগী ছিলেন মৌসুমি মৌ। সঞ্চালনায় এই পর্বে স্বাগত বক্তব্য দেন কথাশিল্পী আনিসুল হক। তিনি বলেন, ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সবাইকে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে।

গতকাল প্রথম দিনের সংবর্ধনায় আলোচনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিনসেন্ট চ্যাং শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘এত কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন এর আগে দেখিনি।’ তিনি ছাত্রদের এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ শিক্ষার্থীদের বলেন, ‘এখানেই থেমে থাকলে চলবে না। নিশ্চয়ই সবাই কলেজে ভর্তি হয়েছ। সামনে আরও বড় পরীক্ষা, বড় ক্ষেত্র রয়েছে। সেখানেও সফল হতে হবে।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের সাবেক অধ্যাপক অমল কৃষ্ণ হালদার শিক্ষার্থীদের বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ। তোমাদের শক্তির ওপর ভর করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তোমরা নিজেদের ভালোভাবে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’

কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে এসেছিলেন নন্দিত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি শিক্ষার্থীদের বললেন, ‘তোমরা যখন যা কিছুই করবে মন দিয়ে করবে, ভালোবেসে করবে। ভবিষ্যতে তোমরা অনেক বড় হবে। অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে যাবে। যে যেখানেই থাকো, সব সময় দেশকে মনে রাখবে।’

রেজওয়ানা চৌধুরী বন্যাকে কাছে পেয়ে শ্রোতা–দর্শকেরা গান শুনতে চাইবে না তাই হয় নাকি! অনুরোধ এল বিপুল। তিনি বললেন, ‘আজ তোমরাই গাইবে, আমিই বরং গলা মেলাব তোমাদের সঙ্গে।’ এই বলে তিনি শুরু করলেন, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে…।’ শিক্ষার্থীরা তো গাইলই, তাদের সঙ্গে আসা অভিভাবকেরাও গলা মেলালেন।

 অনুষ্ঠানের আলোচনা পর্বে আরও অংশ নেন শিখোর সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া, কনকর্ডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। শিক্ষার্থীদের মাদক, মুখস্থ এবং মিথ্যার প্রতি ‘না’ বলার অঙ্গীকার করান প্রথম আলোর যুব কর্মসূচির প্রধান সমন্বয়ক মুনির হাসান।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমাদের চাওয়া সর্বক্ষেত্রে বাংলাদেশের জয়। সেই জয়কে তোমরাই তোমাদের মেধা–মনন আর অদম্য মনোবল দিয়ে ছিনিয়ে আনবে। শিশু, কিশোর, যুবক—সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, সবার জন্য প্রথম আলো।’ তিনি শিক্ষার্থীদের বাবা-মা, অভিভাবক, শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান চলছিল গান আর ফাঁকে ফাঁকে বিশিষ্টজন ও তারকাদের কথোপকথন দিয়ে। রুপালি পর্দার তারকা নায়ক ফেরদৌস আহমেদ প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি বই পড়া, গান শোনা, সাংস্কৃতিক চর্চার প্রয়োজনের দিকটি তুলে ধরলেন।

দিনাত জাহান মুন্নী গেয়ে শোনান, ‘আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে’ এবং ‘দুঃখটাকে দিলাম ছুটি’। পরে মঞ্চ আলোকিত করতে আসেন জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তারা সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান। নিশো ও মেহজাবীন শিক্ষার্থীদের অনুরোধে ‘বুক চিনচিন করছে হায়’ গানটির কিছু অংশ গেয়ে শোনান। এই গানের গীতিকার কবির বকুলকেও একপর্যায়ে তাঁরা মঞ্চে ডেকে নিয়ে সবাই মিলে গানটি করেন। পরে ইমরান মাহমুদুল গেয়েছেন, ‘বলতে যে মনে হয়’ এবং ‘ওহে শ্যাম তোমারে আমায়’। পান্থ কানাই ও অনিমেষ রায় গেয়েছেন ‘নাসেক নাসেক’ ও ‘দোল দোল দুলুনী’। 

জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মধ্যে ‘একতারা তুই দেশের কথা’ গেয়ে শোনান সুমাইয়া খাতুন। সর্বশেষে মঞ্চ মাতিয়েছেন জলের গানের শিল্পীরা। তাঁরা শুনিয়েছেন, ‘এমন যদি হতো’, ‘আমি এক পাগলা’ ও ‘বকুল ফুল বকুল ফুল’। 

আজকের অনুষ্ঠান

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানও ফ্যান্টাসি কিংডমেই শুরু হবে সকাল আটটায়। অতিথি থাকবেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান ও শিখোর সহপ্রতিষ্ঠাতা জিসান জাকারিয়া।

সংস্কৃতিক পর্বে মঞ্চ মাতাবেন ব্যান্ডদল চিরকুট, আরিফিন শুভ, আরফান মৃধা, কোনাল, ঋতুরাজ, নন্দিতা, আফসান আরা বিন্দু ও অবন্তী সিঁথি।