বাংলাদেশে উদ্ভাবনের জগতে নতুন অধ্যায়ের সূচনা করল আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গতকাল রোববার ঢাকার আকিজ হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি উন্মোচন করে নতুন ব্র্যান্ড ‘ইনোভার’-এর লোগো। এটির ট্যাগলাইন ‘ডিজাইনড ফর নাউ’, যা ভোক্তার দৈনন্দিন জীবনে সময় উপযোগী ও স্মার্ট সমাধান দেওয়ার প্রতিশ্রুতি বহন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শেখ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী মাসুদ আল আমিন, হেড অব অপারেশন তৌহিদুল ইসলাম, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিট প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাথমিক পর্যায়ে ইনোভার বাজারে আত্মপ্রকাশ করছে গুণগত মানসম্পন্ন এলইডি লাইটিং ও সুইচ এক্সেসরিজ পণ্যের মাধ্যমে। ক্রমবর্ধমান বাজারে নিজেদের কর্মপরিকল্পনা ও আধুনিকতার ছোঁয়ায় ধারাবাহিকভাবে আরও ভিন্নধর্মী ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে ইনোভার সবার আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। ভবিষ্যতে হোম অ্যাপলায়েন্স, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার, পাওয়ার টুলস, কেব্লস ইত্যাদি ব্যবসা শুরুর পরিকল্পনার কথা জানান আয়োজকেরা।