পাহাড়ী প্রকৃতি ও জনজীবনের ছবি নিয়ে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শকেরা। শুক্রবার শিশু একাডেমির আর্ট গ্যালারিতে
পাহাড়ী প্রকৃতি ও জনজীবনের ছবি নিয়ে ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ আয়োজিত  প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শকেরা। শুক্রবার শিশু একাডেমির আর্ট গ্যালারিতে

প্রদর্শনী

ছবিতে পাহাড়ের প্রকৃতি জীবনের আনন্দ

কারও ছবিতে দেখা যাচ্ছে হিমালয়ের সুবিশাল পর্বতের বিপৎসংকুল পথে আরোহণ করছেন একদল পর্বতারোহী। কোনো ছবির ফ্রেমে ধরা আছে বান্দরবানের সবুজ পাহাড়ের নিসর্গ–শোভা। উচ্ছল পাহাড়ি জীবনের আনন্দগান উঠে এসেছে আরেক ছবিতে। পাহাড়ের প্রকৃতি আর পাহাড়ি জনজীবন নিয়ে ‘পিকস, পিপল, পারস্পেক্টিভ’ নামের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার ছুটির দিন।

পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ প্রতিষ্ঠার যুগপূর্তি উপলক্ষে দুই দিনের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির আর্ট গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপক এলমার এবং বিশেষ অতিথি ছিলেন আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি।

পর্বতারোহণ, প্রকৃতি ও পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-সংস্কৃতিকে আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে বান্দরবানের সবুজ পাহাড়, হিমালয়ের শুভ্র পর্বতশ্রেণি এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবনযাত্রার নানা দিক নিয়ে ১১৮টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। ছবিগুলো ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ ক্লাবের সদস্যদের তোলা। প্রদর্শনী আজ শনিবার রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শিল্পী সারাহ জাবিনে শিল্পকর্ম প্রদর্শনী ‘চৌকাঠ’–এর শিল্পকর্ম দেখছেন দর্শকেরা। আজ শনিবার প্রদর্শনীর সমাপনী দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে

উদ্বোধনী অনুষ্ঠানে দিপক এলমার বলেন, 'অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে বহির্বিশ্বে পর্বতারোহণ বহুল পরিচিত। ছবিগুলো দেখে দর্শকেরা সমতলে বসে পাহাড় নামক সুবিশাল ভূখণ্ডের দুর্গমতার কিছুটা হলেও স্বাদ পাবেন।

আলোকচিত্রী মুনিরা মোর্শেদ মুন্নি বলেন, ‘পর্বতারোহণ যথেষ্ট কঠিন একটি স্পোর্টস। এত উচ্চতায়, এত প্রতিকূল পরিবেশে গিয়ে ছবি তোলাটা আরও কঠিন কাজ। সেই কাজগুলো দেখার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম।’

অভিযানের আয়োজক ও ক্লাব সভাপতি ফরহান জামান বলেন, ‘পর্বতারোহণ বেশ দুরূহ। মানুষের স্বাভাবিক বিচরণক্ষেত্র থেকে অনেক দূরে। ছবির মাধ্যমে হলেও দর্শকেরা দুর্গম পর্বতের কিছুটা ছোঁয়া পাবেন। তাঁরা চান, সরকার পর্বতারোহণকে আনুষ্ঠানিকভাবে ক্রীড়ার মর্যাদা প্রদানের ব্যবস্থা নেবেন।’

শিল্পী সারাহ জাবিনের শিল্পকর্মে ঐতিহ্যের পরম্পরা

আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে আজ শনিবার থেকে শেষ হচ্ছে শিল্পী সারাহ জাবিনের দ্বিতীয় একক শিল্পকর্ম প্রদর্শনী ‘চৌকাঠ’। আজ বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।

শিল্পী সারাহ জাবিন প্রদর্শনীতে তাঁর শিল্পকর্মে নারী, গৃহস্থালি পরিসর, স্মৃতি, পরিচয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালি পরিবারগুলোর মধ্যে প্রবাহিত সাংস্কৃতিক ঐতিহ্যের পারস্পরিক সম্পর্ককে অনুসন্ধান করেছেন। গত ৩১ জুলাই প্রদর্শনী শুরু হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিল্পী ও লেখক মুস্তফা জামান এবং বাংলাদেশে ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে বাতিস্ত ল্যব্রে।

গবেষণানির্ভর শিল্পচর্চার মাধ্যমে সারা জাবিন নারীদের আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নীরব ধারক ও সংরক্ষক হিসেবে দেখেছেন। তাঁর কাজের কেন্দ্রে রয়েছে স্মৃতি, গৃহস্থালি পরিসর, পরিচয় এবং বস্তু সংস্কৃতির পারস্পরিক সম্পর্ক। চৌকাঠ প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মের মধ্য দিয়ে বাঙালি পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবনযাপন, ঐতিহ্য ও ইতিহাসের সেই সব গল্প উঠে এসেছে, যেগুলো অনেক সময় নীরবে আমাদের চারপাশে থেকে যায়।

প্রদর্শনীতে চারটি স্বতন্ত্র শিল্পধারার কাজ রয়েছে। প্রতিটি পর্বে ভিন্ন উপকরণ ও শিল্পভাষার মাধ্যমে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। ‘বন ভয়েড’ সিরিজে লিনোকাট প্রিন্টের মাধ্যমে শৈশব থেকে পরিণত বয়স পর্যন্ত নারীর পরিবর্তনশীল পরিচয়কে অনুসন্ধান করেছেন শিল্পী। ‘বিয়োগ সময়’ সিরিজে সাবানকে ভাস্কর্যের উপকরণ হিসেবে ব্যবহার করে ১৯৫০ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত পুরান ঢাকার বাড়িঘরের স্থাপত্য ও গৃহস্থালি পরিসরের স্মৃতিকে আবার দেখার চেষ্টা করেছেন। এর মধ্য দিয়ে সময়ের সঙ্গে ধীরে ধীরে হারিয়ে যাওয়া পরিচিত ঘর ও পরিসরের প্রতি একধরনের স্মৃতিমেদুরতা ফুটে উঠেছে।

টেক্সটাইলনির্ভর ‘শার্শি ’ সিরিজে শিল্পী ঘরের অভ্যন্তরীণ পরিসর এবং সেখানে নারীর দীর্ঘস্থায়ী অথচ প্রায়ই অদৃশ্য উপস্থিতিকে তুলে ধরেছেন। প্রদর্শনীর আরেকটি অংশে সূক্ষ্ম তামার তারের রেখাচিত্রের মাধ্যমে আচার-অনুষ্ঠান এবং সময়ের সঙ্গে ক্রমে ম্লান হয়ে যাওয়া ঐতিহ্যের নানা খণ্ডচিত্র ফুটিয়ে তুলেছেন।