নির্বাচন ২০২৬: ফ্যাক্ট চেক

রাতেই ভোট হয়ে গেছে দাবি করে এআই ভিডিও প্রচার

ভোট গ্রহণ চলার মধ্যে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, যশোর–২ আসনে ভোট রাতে সম্পন্ন হয়ে গেছে। তবে যাচাই করে দেখা গেছে, এআই দিয়ে তৈরি করা ভিডিওর মাধ্যমে ভুয়া এই দাবি তোলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। তার মধ্যে ফেসবুকে ভিডিওটি ছড়ায়।

ভিডিও লিংক

ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে কাগজে সিল দিতে দেখা যায়। সূক্ষ্মভাবে লক্ষ করলে তাদের অগোছালোভাবে সিল দিতে দেখা যায়। কিছু সময় দেখা যায়, সিল কাগজের মারার বদলে খালি টেবিলে মারছে। এ ছাড়া ব্যালট বাক্সটি রঙিন এবং কাগজের কার্টনে তৈরি দেখা যায়, যেখানে বাংলাদেশের নির্বাচনে ব্যালট বাক্স হয় স্বচ্ছ ও প্লাস্টিকের। এআই শনাক্তকরণ টুলে যাচাই করা হলে সিদ্ধান্ত আসে, এটি এআই কনটেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

খাগড়াছড়ির প্রার্থীর সরে দাঁড়ানোর ডিপফেক ভিডিও

খাগড়াছড়ির স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দাবি করে ‘সিএইচটি ভয়েস’ নামক একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, স্ট্রোক করার আগে বিপরীত প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে ঘোড়া মার্কায় সমর্থন জানিয়েছিলেন সমীরণ দেওয়ান।

যাচাই করে সমীরণ দেওয়ান ও ভিডিওতে তাঁর কণ্ঠস্বরের পার্থক্য দেখা যায়। এআই শনাক্তকরণ টুলসে দেওয়া হলে জানায়, এটি একটি ডিপফেক ভিডিও।

একই পেজ থেকে আরেকটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘স্ট্রোক করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সমিরণ দেওয়ান’। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ব্রেকিং: খাগড়াছড়ি সদর হাসপাতালে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অনুসন্ধানে ‘সমীরণ দেওয়ান সর্মথন গোষ্ঠী’ ফেসবুক পেজে তাঁর একটি ভিডিও পাওয়া যায়। সেখানে তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখছি।’ তাঁকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে ভিডিওতে বলেন তিনি।

প্রথম আলোর খাগড়াছড়ি প্রতিনিধি জয়ন্তী দেওয়ান জানান, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সমীরণ দেওয়ান ঘোড়া প্রতীকের প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে কোনো সমর্থন দেননি। তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনেও যাচ্ছেন।